নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে র্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন র্যাব সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি তিন র্যাব সদস্যকে জিম্মি করে রাখার খবর পাওয়া গেছে।
নিহত র্যাব কর্মকর্তার নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জঙ্গল সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) সিরাজুল ইসলাম র্যাব কর্মকর্তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব সূত্র জানায়, সোমবার বিকেলে পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে যায়। অভিযানের সময় সন্ত্রাসীরা র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে মোতালেব গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একই ঘটনায় তিন র্যাব সদস্যকে সন্ত্রাসীরা জিম্মি করে রাখে বলে জানানো হয়েছে।
সীতাকুণ্ড থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) জাফর আহমদ ভূঁইয়া বলেন, ঘটনাস্থলে আমরা অবস্থান করছি। ওসি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, জঙ্গল সলিমপুর এলাকায় গত চার দশকের বেশি সময় ধরে সরকারি পাহাড় ও খাস জমি দখল করে কয়েক হাজার অবৈধ বসতি গড়ে উঠেছে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি দীর্ঘদিন ধরে পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এলাকাটি সশস্ত্র পাহারার মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এবং বহিরাগতদের প্রবেশ কার্যত নিষিদ্ধ।
রহা
