বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রাম ৯ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র আপিলেও বাতিল

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬ | ১২:৫৭ অপরাহ্ণ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ | ১২:৫৭ অপরাহ্ণ
চট্টগ্রাম ৯ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র আপিলেও বাতিল

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের জামায়াতের প্রার্থী এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিলই থাকছে।দ্বৈত নাগরিকত্বের কারণে দলটির এই হেভিওয়েট নেতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না।

সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশনে ফজলুল হকের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে তার আবেদন নামঞ্জুর করা হয়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না।এর আগে গত ৪ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব জটিলতায় এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।

জামায়াতের প্রার্থী এ কে এম ফজলুল হক রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেয়া হলফনামায় দ্বৈত নাগরিকত্ব ত্যাগের কথা উল্লেখ করেন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন বলে জানান। গত ২৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে হলফনামায় উল্লেখ করেন।

তবে ওইদিন মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, হলফনামায় দ্বৈত নাগরিকত্ব ত্যাগের কথা উল্লেখ করা হলেও তার সপক্ষে কোনো নথিপত্র দেয়া হয়নি।ওইদিন আসনটিতে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares