প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬ | ৪:৫৭ অপরাহ্ণ আপডেট: ৫ জানুয়ারি ২০২৬ | ৪:৫৭ অপরাহ্ণ
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের রামু উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় পুলিশের রুদ্ধশ্বাস অভিযান শেষে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ঈদগড় ইউনিয়নের ‘আবু আহম্মদ গুনা ফাতেমা ছড়া’ এলাকায় অভিযান পরিচালনা করে রামু থানা ও ঈদগড় পুলিশ ক্যাম্পের যৌথ দল। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কয়েকজন অসাধু ব্যক্তি গোপনে এই এলাকায় আগ্নেয়াস্ত্র তৈরি করছিল।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযানের সময় ৩-৪ জন অস্ত্র কারিগর জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে সকাল সাড়ে ৮টার দিকে অভিযান শেষে আস্তানাটি তল্লাশি করে বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতগুলোর মধ্যে রয়েছে: ২টি তাজা রাইফেলের গুলি ও ৪টি শটগানের খালি খোসা, বন্দুকের ২টি বাট, ৩টি ট্রিগার বক্স এবং ৬টি লম্বা পাইপ (নল হিসেবে ব্যবহৃত), অস্ত্র তৈরির জন্য বিশেষায়িত ১টি হাওয়ার মেশিন ও ১টি শান দেওয়ার মেশিন, করাত, হাতুড়ি, প্লাস, বাটাল, করাত ব্লেড এবং ৭টি ছোট-বড় রেতসহ অসংখ্য যন্ত্রাংশ।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, গহীন পাহাড়ের নির্জনতা ব্যবহার করে চক্রটি দেশীয় অস্ত্র সরবরাহের পরিকল্পনা করছিল। এই ঘটনায় রামু থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, অভিযানের মাধ্যমে অস্ত্র কারখানার নেটওয়ার্কের চিহ্ন মিলেছে এবং এ বিষয়ে আরও তদন্ত চালানো হচ্ছে।
রহা
