নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান। দেশের ফ্যাশন অঙ্গনের শীর্ষ ব্যক্তিত্বদের উপস্থিতিতে আয়োজনটি পরিণত হয় এক রঙিন মিলনমেলায়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান অভিনেত্রী অপি করিম, জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ও “বিশ্বরঙ” ব্র্যান্ডের মালিক বিপ্লব সাহা, ডিজাইনার রওশন আরা চৌধুরীসহ আরও অনেকে।

এবারের আয়োজনে ফ্যাশন ফটোগ্রাফিতে বিশেষ সম্মাননা লাভ করেন সজিদুর রহমান। তিনি টানা তৃতীয়বারের মতো অর্জন করেন “বেস্ট ফ্যাশন ফটোগ্রাফার” পুরস্কার। বিশ্ব ফ্যাশন অঙ্গনে তার ধারাবাহিক সৃজনশীল কাজের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।
আয়োজক প্রতিষ্ঠান জানায়, নতুন প্রজন্মের ডিজাইনার, মডেল ও ফটোগ্রাফারদের উৎসাহিত করা এবং অভিজ্ঞ ও শীর্ষ ব্যক্তিত্বদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসাই ছিল এ অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য। তাদের মতে, “কালার কাস্ট ফ্যাশন শো” দেশের ফ্যাশন শিল্পে নতুন মাত্রা যোগ করেছে এবং শিল্পের ধারাবাহিক উন্নতির প্রতীক হয়ে উঠেছে।
জমকালো এ আয়োজনে ফ্যাশন, রঙ, আলো ও সৃজনশীলতার এক অনন্য মেলবন্ধন ঘটে, যা অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য স্মরণীয় হয়ে থাকে।
এসএস
