সাম্পান ডেস্ক
চট্টগ্রাম কাস্টমস হাউসের সাবেক সহকারী রাজস্ব কর্মকর্তা উত্তম কুমারের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর একটি মামলায় তার স্ত্রী শিল্পী রানী সরকারকেও আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদক চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন বাদী হয়ে মামলাগুলো করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ।
একটি মামলার এজাহারে বলা হয়েছে, শিল্পী রানী সরকার তার স্বামীর অসাধু উপায়ে অর্জিত অর্থ ব্যবহার করে প্রায় ৭৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। সম্পদ বিবরণীতে তিনি ১ কোটি ৪৬ লাখ টাকার সম্পদের ঘোষণা দিলেও যাচাইয়ে পাওয়া যায় ১ কোটি ১৯ লাখ টাকার সম্পদ। বৈধ আয়ের উৎস সম্পর্কে দেওয়া তথ্যকে ভিত্তিহীন বলছে দুদক। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, উত্তম কুমার নিজের অবৈধ অর্থ বৈধ দেখাতে স্ত্রীর নাম ব্যবহার করে ভুয়া আয়ের উৎস তৈরি করেন এবং তার আয়কর নথিতে মিথ্যা তথ্য উপস্থাপনে সহায়তা করেন। এ জন্য তার বিরুদ্ধে দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
দুদকের আরেক মামলায় উত্তম কুমারের বিরুদ্ধে সরকারি কর্মচারী হিসেবে ১৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তিনি দুদকে ৫৫ লাখ টাকার সম্পদের হিসাব দিলেও বৈধ আয়-ব্যয়ের সঙ্গে তার নেট সম্পদের অমিল পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪–এর ২৭(১) এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭–এর ৫(২) ধারায় মামলা রেকর্ড করা হয়েছে।
এসএস
