বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা হামলা

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫ | ১২:৫১ অপরাহ্ণ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ | ১২:৫১ অপরাহ্ণ
গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা হামলা

সাম্পান ডেস্ক 

গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ নভেম্বর) গভীর রাত ২টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোবা বাজারে গ্রামীণ ব্যাংকের মাওনা শাখায় এ হামলার ঘটনা ঘটে। এতে ব্যাংকের বাইরের সাইনবোর্ড আংশিক পুড়ে গেলেও ভেতরের কোনো ক্ষতি হয়নি।

ব্যাংক শাখার ব্যবস্থাপক রেহানা পারভিন জানান, রাতের দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাপ্রহরী ব্যাংকের ভেতরে অবস্থান করছিলেন। রাত ২টার দিকে ৭–৮ জন ব্যক্তি প্রধান ফটক খোলার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তে প্রথম বিকট শব্দ শোনা যায়। নিরাপত্তাপ্রহরী দ্রুত বাইরে তাকিয়ে দেখতে পান, কয়েকজন দৌড়ে পালিয়ে যাচ্ছে। এরপর আরও তিনটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটে। এর মধ্যে একটি ব্যাংকের সীমানার ভেতরে পড়ে, যাতে সাইনবোর্ড আংশিক পুড়ে যায়। এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তাকর্মচারীরা আতঙ্কে রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতের নীরবতা ভেঙে হঠাৎ পরপর বিস্ফোরণের শব্দে তারা বাড়ি থেকে বের হয়ে আসেন। চারদিকে পেট্রলের গন্ধ ছড়িয়ে পড়ে। বাজারের মাঝামাঝি জায়গায় বিস্ফোরণ হওয়ায় আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।

গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক আবদুর রাজ্জাক বলেন, ব্যাংকের ভেতরে কোনো ক্ষতি হয়নি, শুধু বাইরে সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে গেছে। ঘটনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা আপাতত থানায় জিডি করতে পরামর্শ দিয়েছে।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আবদুল বারিক বলেন, পুলিশের টহল থাকার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে বোতল উদ্ধার করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি তদন্তে নেমেছে পুলিশ, আর স্থানীয়দের মধ্যে বিরাজ করছে আতঙ্ক।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares