শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে বন্দর অপারেশন নয়: নৌ-উপদেষ্টা

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫ | ২:১৮ অপরাহ্ণ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ | ২:১৮ অপরাহ্ণ
দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে বন্দর অপারেশন নয়: নৌ-উপদেষ্টা

সাম্পান ডেস্ক 

দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে চট্টগ্রাম বন্দরের টার্মিনালগুলো পরিচালনার দায়িত্ব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বন্দর আমাদের জাতীয় সম্পদ। দেশের স্বার্থের ক্ষতি করে কাউকে বন্দর অপারেশন করতে দেওয়া হবে না।

সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় নগরের হালিশহর বে-টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নৌ-উপদেষ্টা বলেন, আমরা চাই ব্যবসা বৃদ্ধি পাক, কর্মসংস্থান বাড়ুক। তবে দেশের স্বার্থই সর্বাগ্রে। আধুনিক প্রযুক্তি, পুঁজি ও দক্ষতা—এই তিন ক্ষেত্রেই বন্দর উন্নয়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

পরিবহন খাতে চাঁদাবাজির প্রসঙ্গে তিনি বলেন, দেশের অনেক জায়গাতেই চাঁদাবাজি হচ্ছে। আমরা অনুসন্ধান করি না, সাংবাদিকরাই তা উন্মোচন করেন। তবে বে-টার্মিনাল এলাকায় চাঁদাবাজির কোনো সুযোগ থাকবে না। তিনি আরও বলেন, নতুন টার্মিনাল চালু হলে নগরের যানজট কমবে।

বন্দরের ট্যারিফ বৃদ্ধি প্রসঙ্গে তিনি জানান, ১৯৮৪ সালের ট্যারিফে দীর্ঘ চার দশক বন্দর পরিচালিত হয়েছে। পরিস্থিতির প্রেক্ষিতে তা হালনাগাদ করা হলেও সংশ্লিষ্ট পক্ষের অভিযোগ বিবেচনায় বন্দর কর্তৃপক্ষকে পুনঃপর্যালোচনার অনুরোধ জানানো হবে।

এদিন দিনের শুরুতে লালদিয়া কনটেইনার টার্মিনাল উদ্বোধনের পর উপদেষ্টা সাখাওয়াত হোসেন বে-টার্মিনাল পরিবহন টার্মিনাল এবং ইস্ট কলোনি সংলগ্ন তালতলা কনটেইনার ইয়ার্ড উদ্বোধন করেন। অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যানসহ নৌপরিবহন মন্ত্রণালয় ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares