রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম দোপানীছড়া এলাকায় গরিব ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)।

আজ রবিবার (৯ নভেম্বর) সকালে ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর তিমির রঞ্জন মহান্ত, এএমসি’র নেতৃত্বে দোপানীছড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয় পাহাড়ি নারী, পুরুষ, শিশু ও বয়োজ্যেষ্ঠসহ মোট ২৫ জনকে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা ও বিভিন্ন প্রকার ওষুধ প্রদান করা হয়।

রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ বি এম শাহ রেজা বলেন, দুর্গম সীমান্ত অঞ্চলের বাসিন্দারা এখনও পর্যাপ্ত স্বাস্থ্যসেবার সুযোগ থেকে বঞ্চিত। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এসব এলাকায় নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছি। তিনি আরও জানান, রুমা ব্যাটালিয়ন অতীতেও স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন জনসেবামূলক উদ্যোগ বাস্তবায়ন করেছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা বিজিবির এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দুর্গম এলাকার মানুষ নিয়মিত চিকিৎসা সুবিধা পায় না। বিজিবির এ সেবা তাদের জন্য আশীর্বাদস্বরূপ।
এসএস
