বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

বন্দর পরিচালনায় স্বচ্ছতার দাবি চট্টগ্রাম জামায়াত আমীরের

প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫ | ২:০৫ অপরাহ্ণ আপডেট: ৯ নভেম্বর ২০২৫ | ২:১১ অপরাহ্ণ
বন্দর পরিচালনায় স্বচ্ছতার দাবি চট্টগ্রাম জামায়াত আমীরের

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম বন্দরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

শুক্রবার (৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, জাতীয় স্বার্থ ও শ্রমিক স্বার্থ সমন্বয় করে পুরো বিষয়টি জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরেই চট্টগ্রাম বন্দর পরিচালনা করতে হবে।

তিনি জানান, চট্টগ্রাম বন্দরে একটি নতুন টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানিকে সম্পৃক্ত করা এবং একটি চালু টার্মিনাল হস্তান্তরের আলোচনা নিয়ে দেশের শ্রমিক মহলে ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। চার গুণ ফি বৃদ্ধির বিষয়েও আপত্তি ও অসন্তোষ তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ইতোমধ্যে বন্দরে ধর্মঘট ও অচলাবস্থার মতো পরিস্থিতি দেখা দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

নজরুল ইসলাম বলেন, চট্টগ্রাম বন্দর শুধু চট্টগ্রামের বন্দর নয়; এটি দেশের আমদানি-রপ্তানির প্রধান প্রবেশদ্বার। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, শ্রমিকদের অধিকার এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন এখানে জড়িত।”লি

তিনি কোম্পানি আইন ১৯৯৪ এবং বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী শ্রমিক নিয়োগ, মজুরি, নিরাপত্তা, ট্রেড ইউনিয়ন কার্যক্রম এবং কর্মপরিবেশ রক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। শ্রমিক স্বার্থ উপেক্ষা করলে অচলাবস্থা ও শ্রম অসন্তোষ সৃষ্টি হতে পারে বলে তিনি সতর্ক করেন।

নগর জামায়াত আমীর আরও বলেন, দেশীয় শ্রমিক ছাঁটাই এবং বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কর্তৃত্ব গড়ে ওঠার আশঙ্কা সম্পর্কে শ্রমিক সংগঠনগুলো ইতোমধ্যে প্রতিবাদ জানিয়েছে। জাতীয় স্বার্থের প্রশ্নে জনগণকে অন্ধকারে রেখে বা পর্দার আড়ালে সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে বন্দর ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টি করা জরুরি।

এসএস 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares