বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

যুক্তরাষ্ট্রে দীর্ঘতম শাটডাউন, বাতিল হচ্ছে শত শত ফ্লাইট

প্রকাশ: ৮ নভেম্বর ২০২৫ | ২:১৫ অপরাহ্ণ আপডেট: ৮ নভেম্বর ২০২৫ | ২:২৭ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে দীর্ঘতম শাটডাউন, বাতিল হচ্ছে শত শত ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক 

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি অচলাবস্থার (শাটডাউন) প্রেক্ষাপটে দেশটির বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ মাসে লাখো আমেরিকানের ভ্রমণ পরিকল্পনা হঠাৎ থমকে গেছে। ইতোমধ্যে শত শত ফ্লাইট বাতিল হয়েছে এবং আরও ফ্লাইট বাতিল হতে শুরু করেছে।

শুক্রবার প্রথম দিনেই ১,০০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ট্রাম্প প্রশাসনের নির্দেশে জরুরি ব্যয়ের কাটছাঁটের কারণে এবং শাটডাউনের প্রভাবেই এসব ফ্লাইট বাতিল করা হয়। আগামী কয়েকদিনে আরও শত শত ফ্লাইট বাতিলের আশঙ্কা করছে বিমান কর্তৃপক্ষ। এতে যাত্রীদের দুর্ভোগ আরও বাড়বে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

অচলাবস্থার কারণে বহু এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও ফেডারেল নিরাপত্তা কর্মী বেতন না পাওয়ায় কাজে যোগ দিচ্ছেন না। ফলে নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য হয়ে ফ্লাইট কমাতে হচ্ছে। শুধুমাত্র শুক্রবারেই ৪,৫০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয় পর্যাপ্ত নিয়ন্ত্রণকক্ষ কর্মী না থাকায়।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেশের ৪০টি ব্যস্ততম বিমানবন্দরে ফ্লাইট ৪ ভাগ কমানোর নির্দেশ দিয়েছে। যদি অচলাবস্থা অব্যাহত থাকে, পরবর্তী সপ্তাহে ফ্লাইট কমার সংখ্যা ১০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

এফএএ জানিয়েছে, প্রতিটি এয়ারলাইন নিজস্ব কৌশলে সিদ্ধান্ত নেবে কোন ফ্লাইট বাতিল করবে, তবে নির্ধারিত হার অনুযায়ী ফ্লাইট কমানো বাধ্যতামূলক।

ফ্লাইট কমানোর তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের পূর্ব, মধ্য-পশ্চিম, দক্ষিণ, পশ্চিম, ওয়াশিংটন অঞ্চলসহ আলাস্কা ও হাওয়াইয়ের প্রধান বিমানবন্দরগুলো—যেমন নিউইয়র্কের জেএফকে, লা গার্ডিয়া; শিকাগোর ও’হেয়ার; আটলান্টা হাটসফিল্ড-জ্যাকসন; লস অ্যাঞ্জেলেস; ডালাস-ফোর্ট ওর্থ এবং সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর।

শাটডাউন দীর্ঘায়িত হলে বিমান পরিবহন খাতসহ সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা বড় ধরনের সংকটে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

এসএস 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares