রাঙামাটি প্রতিনিধি
জুলাই সংস্কারের বিরোধিতা ও দেশের রাজনৈতিক অগ্রযাত্রা ব্যাহত করার ষড়যন্ত্রকারীদের বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, জনগণ ইতোমধ্যে ব্যালটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করার প্রস্তুতি নিয়েছে। কিন্তু ব্যালটকে উল্টে দিতে একটি মহল বুলেটের প্রস্তুতি নিচ্ছে।
বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিকেলে রাঙামাটির জিমনেসিয়ামে তিন পার্বত্য জেলার নেতাদের নিয়ে এনসিপি আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “যারা ব্যালটের বদলে বুলেটের প্রস্তুতি নিচ্ছেন, তারা মনে রাখবেন—বাংলাদেশের জনগণ যখন জেগে উঠবে, তখন তাদেরকে কেউ থামাতে পারবে না। আপনারা বুলেট নিয়ে প্রস্তুত থাকুন, জনগণ ব্যালট দিয়ে আপনাদের প্রত্যাখ্যান করার জন্য প্রস্তুত।”
তিনি আরও দাবি করেন, আগামী ১০ বছরের মধ্যে এনসিপি সরকার গঠন করবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ.এস.এম সুজাউদ্দিন, পার্বত্য অঞ্চল তত্ত্বাধায়ক ইমন সাঈদ, যুগ্ম মুখ্য সংগঠক জুবায়রুল হাসান আরিফ, খাগড়াছড়ি জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা ও বান্দরবান জেলা সমন্বয়কারী শহিদুর রহমান সোহেল।
সভায় সভাপতিত্ব করেন এনসিপি রাঙামাটি জেলা সমন্বয়ক বিপিন জ্যোতি চাকমা।
এসএস
