বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

আজ শুরু হচ্ছে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ টি–টোয়েন্টি সিরিজ

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫ | ৩:৪১ অপরাহ্ণ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ | ৩:৪১ অপরাহ্ণ
আজ শুরু হচ্ছে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ টি–টোয়েন্টি সিরিজ

স্পোর্টস ডেস্ক 

সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ।

আজ সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

সাম্প্রতিক পারফরম্যান্সে এগিয়ে থাকলেও ক্যারিবীয়ানদের শর্টার ফরম্যাটে ঐতিহাসিক সাফল্যকে গুরুত্ব দিচ্ছেন টাইগার অধিনায়ক লিটন দাস। বিশ্বকাপের আগে এই সিরিজকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। অন্যদিকে, খারাপ সময় কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে ভালো কিছু করার প্রত্যাশায় রয়েছেন অতিথি অধিনায়ক শেই হোপ।

দু’দলের সাম্প্রতিক পরিসংখ্যানে বাংলাদেশের দাপট স্পষ্ট— টানা চারটি টি–টোয়েন্টি সিরিজ জিতেছে টাইগাররা। বিপরীতে নেপালের বিপক্ষে হেরে ক্ষত–বিক্ষত অবস্থায় বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে লক্ষ্য দুই দলেরই এক — টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে সেরা কম্বিনেশন খুঁজে পাওয়া।

বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র তিন মাস। এর আগে বাংলাদেশের হাতে রয়েছে ছয়টি ম্যাচ — ওয়েস্ট ইন্ডিজের পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ। তাই এই দুই সিরিজ থেকেই বিশ্বকাপের মূল স্কোয়াড গঠনের পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের।

ওয়ানডে সিরিজ জয়ে আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ শিবির। তবে মিডল অর্ডারের ধারাবাহিকতা নিয়ে এখনো ভাবতে হচ্ছে অধিনায়ককে। গেল বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩–০ ব্যবধানে টি–টোয়েন্টি সিরিজ জয়ের সুখস্মৃতি থাকলেও লিটনের চোখে ক্যারিবীয়ানরা এখনো এগিয়ে প্রতিপক্ষ।

ম্যাচের আগের দিন ফ্লাডলাইটে দীর্ঘ অনুশীলন সেরেছে ওয়েস্ট ইন্ডিজ দল। চট্টগ্রামের উইকেটের আচরণ বুঝে নিতে ব্যস্ত ছিলেন ব্যাটার ও বোলাররা। এশিয়ান কন্ডিশনে আসন্ন বিশ্বকাপের আগে এই সিরিজ তাদের জন্যও বড় পরীক্ষা।

প্রথম ম্যাচের একাদশে একাধিক পরিবর্তনের আভাস মিলেছে। ইনজুরি কাটিয়ে ফিরছেন লিটন দাস। ওপেনিংয়ে তার সঙ্গী হতে পারেন তানজিদ তামিম। শামীম পাটোয়ারী ও নুরুল হাসান সোহানও আছেন টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায়। চট্টগ্রামের উইকেট স্পিন সহায়ক হওয়ায় তিন স্পিনার নিয়েই একাদশ সাজাতে পারে টাইগাররা।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares