নিজস্ব প্রতিবেদক
ট্রাক, কাভার্ডভ্যান ও প্রাইমমুভার প্রবেশের ওপর আরোপ করা বাড়তি মাশুল স্থগিত করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে বন্দর ভবনে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, দেশের অর্থনীতির স্বার্থে বন্দরে যানবাহনের প্রবেশ মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
তিনি আরও বলেন, বর্ধিত মাশুল পুনর্নির্ধারণ করা হবে কি না— তা নিয়ে বন্দর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবে। অনুমোদন হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এর আগে পর্যন্ত পূর্বের নিয়মে গাড়ি প্রবেশ করতে পারবে।
বৈঠকে উপস্থিত মালিক ও শ্রমিক প্রতিনিধিরা আশ্বস্ত করেছেন যে তারা কাজে ফিরে যাবেন। বর্তমানে বন্দরের বাইরে প্রায় ৬ হাজার ট্রাক-কাভার্ডভ্যান অপেক্ষমাণ রয়েছে, যা দ্রুত ডেলিভারি ও রপ্তানি কার্যক্রমে যুক্ত হবে।
এর আগে নতুন ট্যারিফ শিডিউলে পণ্যবাহী গাড়ির গেট পাসের ফি বৃদ্ধির কারণে বন্দরে অচলাবস্থা দেখা দেয়। প্রাইমমুভার ও ট্রেইলার মালিকরা ১৪ অক্টোবর রাত থেকে গাড়ি চলাচল বন্ধ রাখেন। একই দাবিতে আন্তঃজেলা ট্রাক মালিক সমিতি কর্মসূচি ঘোষণা করে এবং সিঅ্যান্ডএফ এজেন্টরা চার ঘণ্টার কর্মবিরতি পালন করে। ফলে দেশের প্রধান সমুদ্রবন্দরের কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়।
বন্দর সচিব আশা প্রকাশ করেন, সিদ্ধান্ত স্থগিতের পর বন্দর কার্যক্রম স্বাভাবিক হয়ে যাবে এবং আমদানি-রপ্তানি কার্যক্রম আগের মতোই গতি পাবে।
এসএস
