সাম্পান ডেস্ক
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে অর্থপাচার ও সম্পদ আত্মসাতের মামলায় তার ঘনিষ্ঠ দুই সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজকে তিন মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর সিনিয়র চট্টগ্রাম মহানগর স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর দুদক উৎপল পাল (এজিএম, আরামিট পিএলসি) ও আব্দুল আজিজকে (এজিএম, আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেড) গ্রেপ্তার করে। ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। পরবর্তীতে ২২ সেপ্টেম্বর ইউসিবিএল ব্যাংক থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা।
দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন জানান, সাবেক মন্ত্রীর বিরুদ্ধে ইউসিবিএল ব্যাংক থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের ঘটনায় দায়ের করা তিন মামলায় দুই আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত শুনানি শেষে সেই আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, ইম্পেরিয়াল ট্রেডিং নামের প্রতিষ্ঠানের মালিক আব্দুল আজিজ দুদকের এজাহারভুক্ত আসামি। তিনি জাবেদের দেশে সম্পদ ক্রয়-বিক্রয় ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। অন্যদিকে উৎপল পাল ছিলেন বিদেশে সম্পদ অর্জন ও ব্যবস্থাপনায় জাবেদের এজেন্ট। তার কাছ থেকে জব্দ করা দুটি ল্যাপটপ ও দুটি মোবাইল থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করেছে দুদক।
এসএস
