সাম্পান ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৯ জন শিক্ষার্থী টানা ৫২ ঘণ্টা অনশন শেষে অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন। তাঁরা ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে সাত দফা দাবিতে এ কর্মসূচি পালন করছিলেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে উপাচার্যের হাতে শরবত পানের মাধ্যমে অনশন ভাঙ্গেন তারা।
এদিন,অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দের দাবির বিষয়ে আলোচনা করতে এবং তাদের দেখতে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এসময় শিক্ষার্থীরা তাদের ৭দফা দাবি মেনে নেয়ার জন্য উপাচার্যকে বললে রবিবার আন্তরিকতার সহিত আলাপ আলোচনার মাধ্যমে দাবি বাস্তবায়নের আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
অনশন ভাঙ্গার পর বিশ্ববিদ্যালয়ের মিউজিক বিভাগের ২০২০-২১ শিক্ষার্থী ও শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জশদ জাকির বলেন, ভিসি স্যার জানিয়েছেন আমাদের দাবিগুলো সঠিক এবং তিনি আশ্বাস দিয়েছেন যে তিনি আমাদের দাবিগুলো বাস্তবায়ন করবেন। রবিবার বিকাল তিনটায় তিনি আমাদের সাথে বসবেন এবং কথা দিয়েছেন কাজ করবেন।”
অনশন থেকে উঠা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর দপ্তর সম্পাদক নাঈম শাহ্ জান বলেন, “উপাচার্য স্যার আমাদের এখানে এসেছিলেন এবং আমাদের দাবির সাথে একমত পোষণ করেন এবং আমাদের কথা দিয়েছেন আগামী রবিবার আমাদেরকে নিয়ে বসবেন। তিনি আমাদের সবগুলো দাবি নিয়ে কাজ করছেন। আমাদের যে মূল দাবি প্রক্টরিয়াল বডির অপসারণ তিনি এটা নিয়েও কাজ করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। উনার সম্মতির জায়গা থেকে আমরা অনশন সমাপ্ত করেছি।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, “আমরা রবিবারে বিকেল ৩টার সময় ছাত্রদেরকে সময় দিয়েছি। তারা তাদের দাবিগুলো আমাদের কাছে দিয়েছে। আমি প্রাথমিকভাবে তাদের সাথে কথা বলেছি। রবিবার আন্তরিকতার সহিত এ সমস্যার সমাধান করা হবে।”
এরআগে, এদিন জুমার নামাজের পর চবি মেডিকেলে অবস্থানরত শিক্ষার্থীদের দেখতে যান শিক্ষার্থীবৃন্দ
এরআগে, বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে এ কর্মসূচি শুরু করেন অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ
অনশনরত শিক্ষার্থীরা হলেন,বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওমর সমুদ্র, মিউজিক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের শাখা সংগঠক ঈশা দে, স্পোর্টস সায়েন্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিপ্লবী ছাত্র মৈত্রীর শাখা সাংগঠনিক সম্পাদক রাম্রা সাইন মারমা, ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষার্থীরা ও শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর রাজনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আহমেদ মুগ্ধ একই বর্ষ ও বিভাগের শিক্ষার্থী শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর দপ্তর সম্পাদক নাঈম শাহ্ জান, মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষার্থী ও শাখা নারী অঙ্গনের সংগঠক সুমাইয়া শিকদার, মিউজিক বিভাগের ২০২০-২১ শিক্ষার্থী ও শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জশদ জাকির, বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষার্থী ও পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ও শাখা গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ধ্রুব বড়ুয়া।
