বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫ | ১০:২৭ অপরাহ্ণ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ | ১০:২৭ অপরাহ্ণ
চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাম্পান ডেস্ক 

চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগে ইফতেখারুল করিম চৌধুরী (৪৯) ও মাজেদুল ইসলাম (৪৫) নামে দুই ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্দুল্লাহ আল গালিব। তিনি জানান, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত এ পরোয়ানা জারি করেছে। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া খুলশী থানায়ও ইফতেখারুল করিমের বিরুদ্ধে মামলা রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, আসামি ইফতেখারুল করিম চৌধুরীর বাড়ি আনোয়ারা উপজেলার বারখাইন সরকার বাড়ীতে। তিনি নিজেকে channel24.tv নামের একটি অনলাইন নিউজ চ্যানেলের সাংবাদিক হিসেবে পরিচয় দেন। অপর আসামি মাজেদুল ইসলাম লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার বশিকপুর মোল্লাবাড়ির বাসিন্দা। তিনি এশিয়ান টিভির বার্তা প্রেরক পরিচয়ে কার্যক্রম চালিয়ে আসছিলেন।

ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ মোসলেম উদ্দিন (৬৩), যিনি মেসার্স নরুল ইসলাম অ্যান্ড ব্রাদার্স এর স্বত্ত্বাধিকারী। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ী ও তার কর্মচারীদের হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। গত ২৪ ফেব্রুয়ারি ইফতেখারুল করিম তার সহযোগী নিয়ে প্রতিষ্ঠানে গিয়ে এক কোটি ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরবর্তীতে ৩ মার্চ মাজেদুল ইসলাম নিজেকে এশিয়ান টিভির সাংবাদিক পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা দাবি করেন এবং নিউজ প্রকাশের ভয় দেখান।

তাদের হুমকি-ধমকির ঘটনায় ব্যবসায়ী ও উপস্থিত ব্যক্তিদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়।

প্রসঙ্গত, ইফতেখারুল করিমের বিরুদ্ধে খুলশী থানায় পূর্বে দায়ের হওয়া দুটি মামলা রয়েছে (মামলা নং ১৬(২)২০২১ ও ১৭(০২)২০২১)। এছাড়া তিনি “দৈনিক মুক্ত খবর” পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালানসহ সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

খাতুনগঞ্জের একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, তারা এই সংঘবদ্ধ চক্রের কাছে দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হয়ে আসছেন।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares