ডেস্ক রিপোর্ট:
দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে বোনদের ব্যাপক ভুমিকা রাখার আহবান জানিয়েছেন বান্দরবান জেলা জামায়াতের আমীর এস এম আব্দুস সালাম আজাদ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে নির্বাচনী মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বান্দরবান জেলা জামায়াতের আমীর বলেন, প্রতিটি ভোটার দেশের সম্মানিত নাগরিক। পুরুষের পাশাপাশি বোনেরাও সমান মর্যাদার ভোটার। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে নারীদের ব্যাপক ভূমিকা রাখতে হবে।
তিনি অভিযোগ করেন, বিগত ৫৩ বছরে ১২টি নির্বাচনে তথাকথিত চেতনার ব্যবসার মাধ্যমে রাজনৈতিক দলগুলো জনগণকে বিভ্রান্ত করেছে, কিন্তু জাতির ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি।
আবদুচ ছালাম আজাদ বলেন, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ৩০০ নং আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেন, আমি নেতা হতে চাই না, জনগণের সেবক হতে চাই। যদি সুযোগ দেওয়া হয়, জনগণের অধিকার রক্ষায় সচেষ্ট থাকব।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফারুক আহমদ, উপজেলা আমীর কাজী ইব্রাহিম প্রমুখ।
