সাম্পান ডেস্ক
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে তোফাইল আহমদ (৩৩) নামে যুবদল কর্মীকে অপহরণের পর হত্যা করা হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) ভোরে কালারমারছড়া বাজারের দক্ষিণে কাউল্যার ব্রিজ সংলগ্ন বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত তোফাইল আহমদ কালারমারছড়া মোহাম্মদ শাহ ঘোনা গ্রামের বাসিন্দা মরহুম ছিদ্দিক মাতাব্বারের ছেলে। তিনি জুলাই আন্দোলনে নিহত শহীদ তানভীর ছিদ্দিকীর চাচা।
স্থানীয় সূত্রে জানা যায়, কালারমারছড়া বাজারের পশ্চিমে আট জইন্যা ঘোনায় মৌসুমি চিংড়ি চাষের কাজে নিয়োজিত ছিলেন তোফাইল ও তার পরিবারের সদস্যরা। শনিবার গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত ওই ঘোনায় হামলা চালিয়ে তোফাইলকে জিম্মি করে নিয়ে যায়। পরদিন সকালে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে কাউল্যার ব্রিজের পাশে বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করে।
নিহতের বড় ভাই ও কালারমারছড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসাইন ছিদ্দিকী অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক চেয়ারম্যান তারেক শরীফ, কালাবদা, লম্বা তারেক ও রশিদ বাহিনীর প্রধান রশিদসহ ২৫-৩০ জন সন্ত্রাসী এ হত্যাকাণ্ডে জড়িত।
এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হত্যাকারীদের ধরতে অভিযান চলছে।
এসএস
