সাম্পান ডেস্ক
খাগড়াছড়ির রামগড় উপজেলার পূর্ব বাগানটি এলাকায় ঘরে ঢুকে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন—আমেনা বেগম (৯৫) ও তার মেয়ে রেহেনা বেগম (৪৫)। রেহেনার স্বামী প্রবাসী মুস্তাফা ওমানে কর্মরত।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের প্রস্তুতি নেয়। তবে কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা এখনো জানা যায়নি।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাস্থলে আমরা অবস্থান করছি। মা-মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তিনি আরও জানান, দুর্গম এলাকায় নেটওয়ার্ক সমস্যার কারণে তথ্য সংগ্রহে কিছুটা বিলম্ব হচ্ছে।
এদিকে একসঙ্গে মা-মেয়ের হত্যাকাণ্ডে এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাটি পরিকল্পিত হত্যা নাকি পারিবারিক কোনো বিরোধের জের—তা খতিয়ে দেখছে।
এসএস
