নিজস্ব প্রতিবেদক
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘মৎস্য সম্পদ উন্নয়ন ও সামুদ্রিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় ব্যক্তি, প্রতিষ্ঠান এবং প্রযুক্তির উদ্ভাবন’ ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী।

আজ সোমবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। তিনি বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে পুরস্কার গ্রহণ করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। একই ক্যাটাগরিতে রৌপ্য পদক অর্জন করে বাংলাদেশ কোস্ট গার্ড।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৬টি পুরস্কার প্রদান করা হয়। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, টেকসই ব্যবস্থাপনা এবং ব্লু ইকোনোমি উন্নয়নে নৌবাহিনীসহ সংশ্লিষ্ট সকলের অবদানকে বিশেষভাবে উল্লেখ করেন।
বাংলাদেশ নৌবাহিনীর এই স্বর্ণপদক অর্জন দেশের মৎস্য সম্পদ রক্ষা, সংরক্ষণ ও সুব্যবস্থাপনায় তাদের ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি। নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মৎস্য ও সামুদ্রিক সম্পদ রক্ষার মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখতে তারা সর্বদা অঙ্গীকারবদ্ধ।
এসএস
