চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শতভাগ আবাসন সুবিধা নিশ্চিতসহ ৫ দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর মধ্যে ছিল— “হয় আবাসন ভাতা দেয়, নাইলি গদি ছাইড়া দে”, “অ্যাকশেন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”, “মুলা না আবাসন, আবাসন আনাসন”, “১০০ টাকার প্রহসন, মানি না মানবো না” এবং “১০০ টাকার ভিক্ষুক, তারা নাকি শিক্ষক” প্রভৃতি।
ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহসান হাবিব বলেন, শিক্ষার্থীদের মৌলিক দাবির মধ্যে অন্যতম হলো শতভাগ আবাসন নিশ্চিত করা। দীর্ঘদিন ধরে এই আবাসন সমস্যা নিরসনে প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি। বারবার আন্দোলন ও স্মারকলিপি দেওয়ার পরও তারা কর্ণপাত করেনি। তাই আজ বাধ্য হয়েই প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের উত্থাপিত ৫ দফা দাবি হলো—
১. শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন নিশ্চিত করতে হবে। আজকের সিন্ডিকেট সভায় আধুনিক ও বহুতল হল নির্মাণের সিদ্ধান্ত নিয়ে রূপরেখা প্রকাশ করতে হবে।
২. শতভাগ আবাসন না হওয়া পর্যন্ত অনাবাসিক শিক্ষার্থীদের উপযুক্ত আবাসন ভাতা প্রদান বাধ্যতামূলক করতে হবে।
৩. অবৈধভাবে হলে অবস্থানকারী ছাত্র-ছাত্রীদের তালিকা শনাক্ত করে তাদের সিট বাতিল ও হল ছাড়তে বাধ্য করতে হবে।
৪. হলের আবেদনে নেওয়া ১০০ টাকার প্রহসন বন্ধ করতে হবে এবং যারা সিট পাননি তাদের টাকা ফেরত দিতে হবে।
৫. মেয়েদের হলে ডাবলিং প্রথা বন্ধ করে ডেকার বেড প্রথা চালু করতে হবে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এসএস
