বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

জন্মাষ্টমীর শোভাযাত্রায় চিন্ময়ের প্ল্যাকার্ড প্রদর্শন, আটক ৬

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫ | ৭:৩৪ অপরাহ্ণ আপডেট: ১৬ আগস্ট ২০২৫ | ৭:৩৪ অপরাহ্ণ
জন্মাষ্টমীর শোভাযাত্রায় চিন্ময়ের প্ল্যাকার্ড প্রদর্শন, আটক ৬

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শনের ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) সকালে নগরীর আন্দরকিল্লা মোড় থেকে বের হওয়া শোভাযাত্রায় অংশ নিয়ে তারা এই প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে পুলিশ তাদের আটক করে কোতোয়ালী থানা নিয়ে যায়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম আটকের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য দিতে রাজি হননি। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন বলেন, কোতোয়ালী থানায় ছয়জন আটক হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিন শোভাযাত্রাটি আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে লালদীঘি পাড়, নিউ মার্কেটসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেএম সেন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘুদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরায় আলোচনায় আসেন চিন্ময় কৃষ্ণ দাস। গত বছরের ৩০ অক্টোবর জাতীয় পতাকার অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। এরপর ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। বর্তমানে তিনি কারাগারে বন্দি আছেন।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares