নিজস্ব প্রতিনিধি
সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী আজ শনিবার চট্টগ্রামসহ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন মন্দির, আশ্রম ও ধর্মীয় প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
হিন্দু ধর্মীয় বিশ্বাস মতে, ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে আবির্ভূত হয়ে দুষ্ট শক্তির দমন ও ন্যায়নীতির প্রতিষ্ঠা করেছিলেন। সেই আবির্ভাব তিথি স্মরণে প্রতিবছরের মতো এবারও চট্টগ্রামে পূজা-অর্চনা, গীতাযজ্ঞ, ভজন-কীর্তন, ধর্মীয় আলোচনা ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের আন্দারকিল্লা, নন্দনকানন, জমিদারপাড়া, আগ্রাবাদ, হালিশহরসহ বিভিন্ন এলাকার মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ পূজা, গীতাযজ্ঞ ও প্রসাদ বিতরণ। সকাল থেকেই ভক্তদের ভিড়ে মুখর হয়ে ওঠে এসব মন্দির প্রাঙ্গণ।
এছাড়া ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) চট্টগ্রাম শাখা ১৪ থেকে ১৭ আগস্ট পর্যন্ত চার দিনব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় নাটক ও কীর্তন মেলা।
জন্মাষ্টমী উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে শোভাযাত্রা বের করা হয়। ভক্তরা শ্রীকৃষ্ণের নামসংকীর্তন, কীর্তন ও ঢাক-ঢোলের তালে শোভাযাত্রায় অংশ নেন।
এদিকে ঢাকায় জাতীয়ভাবে আয়োজিত ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিলে যোগ দিতে চট্টগ্রাম থেকেও কয়েকটি পূজা কমিটির প্রতিনিধি অংশ নেবেন বলে জানিয়েছেন মহানগর পূজা উদযাপন পরিষদের নেতারা।
দিনটি উপলক্ষে সরকারি ছুটি থাকায় মন্দিরগুলোতে ভক্তদের উপস্থিতি ছিল অন্যান্য দিনের তুলনায় বেশি। বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠান।
এসএস
