নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহাজাহান বলেছেন, অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে এর মাধ্যমে বিচার সংস্কার ও নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
শুক্রবার (১৫ আগষ্ট) বিকেলে তিনি নগরীর কর্নেল হাট বাদামতলীস্থ একটি কমিউনিটি সেন্টারে আকবরশাহ থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত সেন্টার কমিটি প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
তিনি বলেন, নির্বাচনের আগে দৃশ্যমান বিচারের ব্যবস্থা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি। জাতি আর ফ্যাসিস্ট আমলের মত যেনতেন নির্বাচন দেখতে চায় না।
থানা আমীর অধ্যক্ষ আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন—খুলশী থানা জামায়াতের আমীর অধ্যাপক আলমগীর কবির, পাহাড়তলী থানা জামায়াতের আমীর মোঃ নুরুল আলম, আকবরশাহ থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, এসিস্ট্যান্ট সেক্রেটারি কাজী আফসার উদ্দিন শাহীন, কাউন্সিলর পদপ্রার্থী ডাঃ শাহাদাত হোসেন ও ইউসুফ চৌধুরী প্রমুখ।
এসএস
