পটিয়া প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ায় ছাগল বলির টাকাকে কেন্দ্র করে পূরবী শীল (৩৫) নামে এক নারী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১৫ আগষ্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা গ্রামের সুকুমার ডাক্তারের বাড়ির এলাকায় নিজ ঘরে এই ঘটনা ঘটে।
নিহত পূরবী শীল প্রবাসী বিরাজ শীলের স্ত্রী। তিনি বর্তমানে দুবাই প্রবাসী এবং এই দম্পতির দুই ছেলে সন্তান রয়েছে।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইমুনা জান্নাত জানান, হাসপাতালে আনার আগেই পূরবী শীল মারা যান।
পটিয়া থানার এসআই কামরুজ্জামান বলেন, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। পরিবারের সঙ্গে কথা বলে ও ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের দেবর জানান, তার ভাই পাঠা বলির জন্য বিদেশ থেকে ১০ হাজার টাকা পাঠিয়েছিলেন। পূরবী শীল টাকা উত্তোলনের পর থেকে উদ্বিগ্ন ছিলেন। বিকেলে এসে তিনি দেখতে পান, পূরবী শীল আত্মহত্যা করেছেন।
স্থানীয়রা জানান, পূরবী শীল ছিলেন শান্ত ও দায়িত্বশীল নারী। তাঁর মৃত্যুতে পরিবার ও গ্রামে নেমে এসেছে গভীর শোক।
এসএস
