বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ, ‘দাঁড়িপাল্লা’ স্লোগানে মুখর নেতাকর্মীরা

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫ | ২:৪০ অপরাহ্ণ আপডেট: ১৯ জুলাই ২০২৫ | ২:৪০ অপরাহ্ণ
সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ, ‘দাঁড়িপাল্লা’ স্লোগানে মুখর নেতাকর্মীরা

সাম্পান ডেস্ক 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে দেশের নানা প্রান্ত থেকে আসা হাজারো নেতাকর্মীতে মুখর হয়ে উঠেছে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান।

শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে ‘দাঁড়িপাল্লা’ স্লোগানে গর্জে উঠছে সমাবেশস্থল ও আশপাশের এলাকা।

সকাল থেকেই নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন, দলীয় প্রতীক এবং সাদা পোশাকে দলে দলে মিছিল করে উদ্যানে প্রবেশ করছেন। কপালে লেখা জেলার নাম, গায়ে জামায়াতের লোগো সম্বলিত সাদা টিশার্ট ও পাঞ্জাবি পরে অনেককে উপস্থিত হতে দেখা গেছে। অনেকের হাতে রয়েছে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’। গেঞ্জিতে লেখা রয়েছে—‘তারুণ্যের প্রথম ভোট, চাঁদাবাজের বিপক্ষে হোক’, ‘দাঁড়িপাল্লা ভোট দিন’।

সমাবেশে অংশ নিতে উত্তরবঙ্গ থেকে আসা বাসগুলো রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অবস্থান নেয়। এসব নেতাকর্মী ফার্মগেট হয়ে মিছিল নিয়ে শাহবাগ ঘুরে সমাবেশস্থলে পৌঁছান। অন্যদিকে, দক্ষিণবঙ্গের কর্মীরা ছোট ছোট মিছিল করে ঢাকা মেডিকেল ও আজিমপুরের দিক থেকে সমাবেশস্থলে আসেন।

জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের সমাবেশে আনতে তিন জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে জামায়াতে ইসলামী। রাজশাহী, সিরাজগঞ্জ ও ময়মনসিংহ থেকে ঢাকাগামী এই ট্রেনগুলো যাত্রীদের সমাবেশ শেষে আবার নিজ নিজ গন্তব্যে ফিরিয়ে নেবে।

সকাল ১০টা থেকে কুরআন তিলাওয়াত, হামদ ও নাত পরিবেশনার মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুর ২টায় শুরু হবে মূল অনুষ্ঠান। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছেন প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক। এছাড়া ঢাকার বাইরে থেকে আগত নেতাকর্মীদের যানবাহনের জন্য প্রস্তুত রাখা হয়েছে অন্তত ১৫টি পার্কিং পয়েন্ট।

দলটির নেতারা জানিয়েছেন, এই সমাবেশের মাধ্যমে তারা দলীয় শক্তি প্রদর্শনের পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি ও বার্তা দিতে চায়।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares