নিজস্ব প্রতিবেদক
দেশে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি।
সোমবার (১৪ জুলাই) ফটিকছড়ি উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে বিবিরহাটে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি চিহ্নিত মহল দেশে অস্থিরতা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। তারা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। কিন্তু জাতীয়তাবাদী শক্তির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র প্রতিহত করবে।
সরওয়ার আলমগীর আরও বলেন, আওয়ামী ফ্যাসিস্ট শক্তির প্রেতাত্মারা নানা ছলচাতুরীর মাধ্যমে বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ এখন জেগে উঠেছে। ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ আর দেওয়া হবে না।
তিনি প্রশাসনের সমালোচনা করে বলেন, নানাবিধ সামাজিক অপরাধ ও মব কালচারের বিস্তার প্রশাসনিক ব্যর্থতারই ফল। সরকার একের পর এক ষড়যন্ত্র করছে, কিন্তু জনগণ তা প্রতিহত করবে।”ও
ভোট ও নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোট দেবে ফটিকছড়ির মানুষ, কিন্তু এমপি হবে অন্য এলাকার – এটা কোনোভাবেই মেনে নেবে না সাধারণ জনগণ। সংসদীয় এলাকার প্রতিনিধিত্ব ওই এলাকার উপযোগী কাউকেই করতে হবে।
অন্যান্য বক্তারা যা বলেন:
সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন।
বক্তব্য দেন—
জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বিএনপি নেতা মহিন উদ্দিন আজম তালুকদার, ফরিদুল আলম চেয়ারম্যান,জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, বদিউল আলম তালুকদার, শফিউল আলম, নাছির উদ্দীন, খালেদ বাবুল, মুনসুর আলম চৌধুরী, হাফেজ জয়নাল আবেদীন, আবুল খায়ের, নাজিম উদ্দীন বাচ্চু, নুরুল হুদা, এস এম মনসুর চৌধুরী, আজম খান, ফয়েজ তারেক, শহিদুল ইসলাম, আহমেদ রশিদ চৌধুরী, মোজাহারুল ইকবাল লাভলু, মো. এরশাদ, মো. হাসান, একরামুল হক প্রমুখ।
সভার মাধ্যমে ফটিকছড়ি উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে চলছে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ।
এসএস
