শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ একই পরিবারের ৩ ম্রো নারীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫ | ১:১৮ অপরাহ্ণ আপডেট: ১৪ জুলাই ২০২৫ | ১:১৮ অপরাহ্ণ
বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ একই পরিবারের ৩ ম্রো নারীর মর্মান্তিক মৃত্যু

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুইজনসহ তিনজন ম্রো নারী নিহত হয়েছেন।

সোমবার (১৪ জুলাই) সকালে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের চিম্বুক সড়কের ১৩ মাইল এলাকায় রাংলাই হেডম্যান পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রেংথেন ম্রোর মেয়ে তুমলে ম্রো (১৭), পারাও ম্রোর স্ত্রী উরকান ম্রো (৭১) এবং মেনরাও ম্রোর স্ত্রী রওলেং ম্রো (৩৫)। প্রত্যেকেই রাংলাই হেডম্যান পাড়ার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা বৃষ্টির সময় হঠাৎ করে পাড়ার একটি পুরোনো বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। এতে সংলগ্ন বৈদ্যুতিক তারে ছুঁয়ে গিয়ে তিনজন নারী বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তুমলে ও উরকান মারা যান। রওলেং ম্রোকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির সময় ওই ট্রান্সফরমারটি প্রায়ই বিকট শব্দে বিস্ফোরণের মতো শব্দ করত এবং আগুনের ফুলকি দেখা যেত। বিষয়টি বহুবার বিদ্যুৎ বিভাগকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

বিদ্যুৎ বিভাগের বান্দরবান নির্বাহী প্রকৌশলী মাসুম আমির বলেন, ওয়াইজংশন রাংলাই পাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে হতাহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের টিম কাজ করছে। বিস্তারিত তদন্তের পর জানানো যাবে।

এদিকে বান্দরবান জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জানান, ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নারী নিহত হয়েছেন। আমরা মরদেহ উদ্ধার করেছি এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় জনগণ ও মানবাধিকারকর্মীরা অবহেলাজনিত এই মৃত্যুর জন্য বিদ্যুৎ বিভাগকে দায়ী করে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares