বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

২০ জুলাই ধর্মঘটে যাচ্ছে বৃহত্তর চট্টগ্রামের পরিবহন মালিক-শ্রমিকরা, ৪ দফা দাবি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫ | ১:২৫ পূর্বাহ্ণ আপডেট: ১৩ জুলাই ২০২৫ | ১:২৫ পূর্বাহ্ণ
২০ জুলাই ধর্মঘটে যাচ্ছে বৃহত্তর চট্টগ্রামের পরিবহন মালিক-শ্রমিকরা, ৪ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক

ইকোনমিক লাইফ (গাড়ির সর্বোচ্চ চলাচল মেয়াদ) নির্ধারণ সংক্রান্ত সরকারের হঠাৎ সিদ্ধান্তসহ চার দফা দাবি আদায়ে ২০ জুলাই ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে বৃহত্তর চট্টগ্রামের পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় নগরীর কদমতলী আন্তঃজেলা পরিবহন মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশন। এতে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বাঁশখালী, আনোয়ারা ও রাউজান অঞ্চলের পরিবহন নেতারা অংশ নেন।

সভায় জানানো হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় গত ১৯ জুন এক প্রজ্ঞাপনে যাত্রীবাহী বাস-মিনিবাসের ক্ষেত্রে ২০ বছরের ইকোনমিক লাইফ নির্ধারণ করে। এই সিদ্ধান্ত কার্যকর হলে চট্টগ্রাম অঞ্চলে প্রায় ৮ হাজার যানবাহন সড়ক থেকে উঠে যেতে বাধ্য হবে, যা পুরো পরিবহন খাতকে বিপর্যয়ের দিকে ঠেলে দেবে বলে মন্তব্য করেন সংগঠন নেতারা।

তারা অভিযোগ করেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট, যন্ত্রাংশের দাম বৃদ্ধি এবং বৈষম্যমূলক করনীতির কারণে নতুন গাড়ি কেনা পরিবহন মালিকদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। তাই আলোচনার মাধ্যমে যৌক্তিক সিদ্ধান্তে না পৌঁছে এই ধরনের একতরফা সিদ্ধান্ত অগ্রহণযোগ্য।

নেতারা আরও জানান, গত ৩০ জুন ছয় দফা দাবি জানানো হলেও সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তাই চারটি নতুন জরুরি দাবি সামনে এনে ২০ জুলাই সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চার দফা দাবি:

১. হঠাৎ করা ‘ইকোনমিক লাইফ’ সিদ্ধান্ত বাতিল করে আলোচনার মাধ্যমে পুনর্বিন্যাস।

২. সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধনে মালিক-শ্রমিক সংগঠনগুলোর প্রস্তাব বাস্তবায়ন।

৩. পূর্বে আরোপিত অনুমিত আয়কর প্রত্যাহার।

৪. ব্যক্তি মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের হাতে পরিবহন খাত তুলে দেওয়ার চেষ্টা বন্ধ।

সভায় বক্তারা হুঁশিয়ার করে বলেন, এই দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে চট্টগ্রামের পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়বে। এর দায় সরকারকেই নিতে হবে।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি একরামুল করিম, মহাসচিব মোরশেদুল আলম কাদেরী, মৃণাল চৌধুরী, অলি আহম্মদ, শওকত আলী, আজম খান, মো. মূসা, মহিউদ্দিন, রেজাউল করিমসহ আরও অনেকে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares