শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

মিডফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডসহ সারাদেশে সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

প্রকাশ: ১২ জুলাই ২০২৫ | ৯:২৩ অপরাহ্ণ আপডেট: ১২ জুলাই ২০২৫ | ৯:২৬ অপরাহ্ণ
মিডফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডসহ সারাদেশে সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে নৃশংস হত্যাকাণ্ড, সারাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর শাখা।

শনিবার (১২ জুলাই) বিকেল ৪টায় নগরের মুরাদপুর মোড় থেকে মিছিল শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক ঘুরে জিইসি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল, কেন্দ্রীয় সদস্য ও মহানগর দক্ষিণ সভাপতি ইব্রাহীম হোসেন রনি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মোহাম্মদ আলী।

সমাবেশ সঞ্চালনা করেন মহানগর উত্তর সেক্রেটারি মুমিনুল হক মুমিন।

বক্তারা অভিযোগ করে বলেন, মিডফোর্ডের ঘটনায় পাথর দিয়ে নির্মমভাবে হত্যা এবং লাশের ওপর নৃত্য করার মত ঘটনার মধ্য দিয়ে দেশে পুনরায় বর্বরতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তারা বলেন, প্রস্তর যুগে যেমন পাথর দিয়ে মানুষ মারা হতো, আজ আধুনিক যুগেও আমরা সেই চিত্র দেখছি।

বক্তারা আরও বলেন, ২০২৪ সালের গণ-আন্দোলনে রক্ত দিয়ে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম, কিন্তু এখনো দেশে চাঁদাবাজ-সন্ত্রাসীরা সক্রিয়। যারা ১৬ বছর দেশব্যাপী আতঙ্ক ছড়িয়েছে, আজ তারা নতুন রূপে আবার মাথাচাড়া দিচ্ছে।

তারা অভিযোগ করেন, একসময় আওয়ামী লীগ শ্রমিকদের কাছ থেকে চাঁদা তুলত, এখন বিএনপির সন্ত্রাসীরা ‘চাঁদা তুলে পল্টনে, ১০% যায় লন্ডনে’ এই নতুন ইতিহাস গড়ছে। আমরা এ অপশক্তিকে রুখে দাঁড়াবো।

বক্তারা বলেন, বাংলাদেশ যেন আর হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও রাজনৈতিক সন্ত্রাসের দেশ না হয়—এই লক্ষ্যে ছাত্র-জনতা মাঠে আছে এবং থাকবে। প্রয়োজনে দেশ ও জাতির শত্রুদের আবারও প্রতিরোধ করা হবে।

বিক্ষোভ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুন, মহানগর উত্তর সেক্রেটারি মুমিনুল হক মুমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসএস 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares