নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ছাত্রলীগের সাবেক এক নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। মারধরের শিকার ওয়াহিদুল আলম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তিনি চবি শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এবং ‘সিএফসি’ গ্রুপের নেতা হিসেবে পরিচিত।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির সামনের পুকুরপাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ওয়াহিদুলকে আটকে মারধর করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ওয়াহিদুল আলম এর বিরুদ্ধে বিভিন্ন সময় ক্যাম্পাসে সহিংসতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। সাম্প্রতিক গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্টও দিয়েছেন বলে অভিযোগ।
চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা হয়ে এত অপকর্ম করার পরও কীভাবে সে ক্যাম্পাসে আসার সাহস পায়, সেটাই বিস্ময়।
চবি শিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, আগে ছাত্রলীগ করত, এমন একজন শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন বলে শুনেছি। তবে কে বা কারা মারধর করেছে, তা জানি না।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হোসাইন বলেন, মারধরের শিকার শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে রেফার করা হয়েছিল। তবে তিনি সেখানে যেতে রাজি হননি। পরে তাকে তার দুই বন্ধুর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
তবে এই ঘটনায় এখনো কেউ দায় স্বীকার করেনি, এবং প্রশাসন থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো তদন্তের ঘোষণা আসেনি।
এসএস
