নিজস্ব প্রতিনিধি
পবিত্র আশুরা উপলক্ষে রোববার চট্টগ্রাম নগরীতে সাতটি তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। শিয়া সম্প্রদায়ের আয়োজিত এ মিছিলে অংশ নেন নারী-পুরুষ, কিশোর-কিশোরী ও শিশু-বৃদ্ধরা। সবার পরনে ছিল কালো পোশাক, হাতে ছিল কালো পতাকা, পাঞ্জা ও ব্যানার।
রোববার (৬ জুলাই) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে সাতটি তাজিয়া মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে নেতৃত্ব দেন সদরঘাট ইমামবাড়ার পেশ ইমাম মাওলানা আমজাদ হোসেন। তিনি বলেন, এই দিনেই ইমাম হোসাইন (রা.) সত্য ও ন্যায়ের পক্ষে শহীদ হন। আমরা সেই আত্মত্যাগের স্মরণে একত্রিত হয়েছি।
মিছিল শেষে ইমামবাড়ায় ফিরে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত। কারবালার শহীদদের জন্য দোয়া করা হয় এবং জুলুমের বিরুদ্ধে অবস্থানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
নগরীতে মিছিল ঘিরে ছিল কড়া নিরাপত্তা। সিএমপি’র একাধিক টিম দায়িত্ব পালন করে। স্বেচ্ছাসেবকেরাও মিছিলে সহযোগিতা করেন।
দীর্ঘদিন ধরে মিছিলে অংশ নেওয়া এহসান উদ্দিন বলেন, কারবালার ঘটনা কেবল ধর্মীয় নয়, মানবতার শিক্ষা দেয়। অন্যায়ের সঙ্গে আপস চলে না—এই বার্তা আমরা সন্তানদেরও দিচ্ছি।
এসএস
