বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

উখিয়ায় মাদকাসক্ত বাবার লোহার রডের আঘাতে ৪ বছরের শিশু কন্যা নিহত, গ্রেপ্তার বাবা

প্রকাশ: ৬ জুলাই ২০২৫ | ৫:৫৪ অপরাহ্ণ আপডেট: ৬ জুলাই ২০২৫ | ৫:৫৬ অপরাহ্ণ
উখিয়ায় মাদকাসক্ত বাবার লোহার রডের আঘাতে ৪ বছরের শিশু কন্যা নিহত, গ্রেপ্তার বাবা

সাম্পান ডেস্ক

কক্সবাজারের উখিয়া উপজেলায় মাদকাসক্ত বাবার লোহার রডের আঘাতে কানিজ ফাতেমা জ্যোতি (৪) নামে এক শিশু কন্যা নিহত হয়েছে। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে শনিবার (৫ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী গ্রামে।

পুলিশ জানায়, ঘটনার পরই অভিযুক্ত বাবা আমান উল্লাহকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) দুর্জয় সরকার জানান, পারিবারিক কলহের জেরে আমান উল্লাহ প্রথমে স্ত্রী জোসনা বেগমকে লোহার রড দিয়ে মারতে যায়। তবে স্ত্রী পালিয়ে পার্শ্ববর্তী বাড়িতে আশ্রয় নিলে সে চার বছরের মেয়ে কানিজ ফাতেমা জ্যোতির মাথায় রড দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত শিশুটিকে পার্শ্ববর্তী খালে ফেলে দিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে লুকিয়ে থাকে আমান উল্লাহ।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নিহত শিশুর মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত বাবাকে আটক করে।

নিহতের মা জোসনা বেগম জানান, তাঁর স্বামী একজন নিয়মিত মাদকসেবী এবং এর আগেও একটি হত্যাকাণ্ডের ঘটনায় জেল খেটেছেন। সে কারণে তিনি ও তাঁর সন্তানরা সবসময় আতঙ্কে থাকতেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোছাইন জানান, শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। শিশু হত্যার মতো নির্মম ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares