দক্ষিণপূর্ব ডেস্ক
পবিত্র আশুরার তাৎপর্য স্মরণ করে মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতির জন্য দোয়া করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে সমাজে সাম্য, ন্যায় এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শনিবার (১০ মহররম) পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আশুরা মানবজাতিকে চিরকাল শক্তি ও সাহস যুগিয়ে যাবে।
ড. ইউনূস বলেন, আমি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং কারবালার প্রান্তরে শাহাদতবরণকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন, ইসলাম একটি সত্য, ন্যায় এবং শান্তির ধর্ম। ইসলামের এই মহিমান্বিত আদর্শকে সমুন্নত রাখতে গিয়ে হজরত ইমাম হোসেন (রা.) ও তাঁর পরিবারবর্গ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কারবালার প্রান্তরে শাহাদতবরণ করেন। এই আত্মত্যাগ মানব ইতিহাসে অনন্তকাল স্মরণীয় হয়ে থাকবে।
ড. ইউনূস আশুরার বহুমাত্রিক গুরুত্বের কথা স্মরণ করিয়ে বলেন, এই দিনে পৃথিবীর সৃষ্টি, নূহ (আ.)-এর নৌকার নিরাপত্তা, মুসা (আ.)-এর মুক্তিসহ বহু তাৎপর্যপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। হাদিসে বর্ণিত আছে, রাসূল (সা.) আশুরার দিনে দুটি রোজা রাখার ওপর গুরুত্ব দিয়েছেন।
বাণীর শেষাংশে প্রধান উপদেষ্টা বলেন, ‘আসুন, এই পবিত্র দিনে আমরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বেশি বেশি নেক আমল করি। পাশাপাশি সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখি।’
এসএস
