বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

খোলাপাড়া এলাকা মাদকমুক্ত ঘোষণা, মাদকবিরোধী মানববন্ধনে দৃপ্ত উচ্চারণ

প্রকাশ: ৪ জুলাই ২০২৫ | ৫:০৬ অপরাহ্ণ আপডেট: ৪ জুলাই ২০২৫ | ৫:০৬ অপরাহ্ণ
খোলাপাড়া এলাকা মাদকমুক্ত ঘোষণা, মাদকবিরোধী মানববন্ধনে দৃপ্ত উচ্চারণ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন খোলাপাড়া এলাকা মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার (৪ জুলাই) জুমার নামাজের পর মাদকসেবী ও বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এক মানববন্ধন ও র‌্যালির আয়োজন করা হয়।

বহদ্দারহাট খাজা রোডের আমিনের দোকানের উত্তর পাশে খোলাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক হুমায়ুন কবির, চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সুমন মিয়া, সাবেক কাউন্সিলর মাহবুবুল আলম, কাউন্সিলর পদপ্রার্থী রাইসুর রহমান তিতু ও আব্দুল হালিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

প্রকৌশলী নাছির উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, ‘আজ থেকে আমরা খোলাপাড়াকে মাদকমুক্ত ঘোষণা করছি। মাদকের সাথে জড়িত চিহ্নিত অপরাধীদের আইনের হাতে তুলে দেয়া হবে। যারা মাদক ছাড়তে চান, তাদের সহায়তায় পাশে থাকবে আমাদের ফাউন্ডেশন।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক হুমায়ুন কবির বলেন, ‘সমাজকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে লড়তে হবে। গোপনে মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে আইনশৃঙ্খলা বাহিনীকে দিন। মাদকবিরোধী সংগঠন গড়ে তুলুন, তবে তা অরাজনৈতিক হতে হবে।’

সাবেক কাউন্সিলর মাহবুবুল আলম বলেন, ‘আমি সবসময় মাদকবিরোধী অবস্থান নিয়েছি। যুব সমাজকে রক্ষা করতে আজকের এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

মানববন্ধনে বক্তারা সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং মাদক নির্মূলে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এসএস 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares