নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বন্দরের বিদেশি ইজারা বিরোধী রোডমার্চ চলাকালে দৈনিক যায়যায়দিন-এর মাল্টিমিডিয়া সাংবাদিক সাহিদুল ইসলাম মাসুমের ওপর বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে চট্টগ্রামে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ জুন) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (সিএমআরইউ)-এর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ-এর আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। তিনি বলেন, “মাসুমের উপর হামলা শুধু একজন সাংবাদিকের উপর নয়, এটি গোটা গণমাধ্যমের উপর আঘাত। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।”
সিএমআরইউ’র সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ টাইমস-এর মাল্টিমিডিয়া রিপোর্টার সাজ্জাদ হোসাইন বলেন, “সাংবাদিকদের উপর বারবার হামলা হচ্ছে। আজকের মানববন্ধন থেকে আমরা তিন দফা দাবি জানাচ্ছি—এক, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে; দুই, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে; এবং তিন, সংশ্লিষ্ট সংগঠনকে সাংগঠনিকভাবে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”
সমাপনী বক্তব্যে সিএমআরইউ সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ-এর মাল্টিমিডিয়া রিপোর্টার আবির আহমেদ বলেন, “এটি একটি কাপুরুষোচিত ও নিন্দনীয় হামলা। বাম সংগঠনগুলো যদি সত্যিই গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করে, তাহলে দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নিক। অন্যথায় সাংবাদিক সমাজ প্রতিরোধ গড়ে তুলবে।”
মানববন্ধনে চট্টগ্রামের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সবাই একসাথে বলেন, “গণমাধ্যমের কণ্ঠরোধ নয়, বরং তার স্বাধীনতা নিশ্চিত করা হোক। সাংবাদিকদের নিরাপত্তা হোক রাষ্ট্রীয় অগ্রাধিকার।”
সিএমআরইউ জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলার ঘটনায় দৃশ্যমান অগ্রগতি না হলে বৃহত্তর সাংবাদিক সমাজকে সাথে নিয়ে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।
এসএস
