নিজস্ব প্রতিবেদক
দ্বীপ উপজেলা সন্দ্বীপবাসীর স্বপ্ন পূরণ হয়েছে অবশেষে।
বহুল প্রতীক্ষিত বাঁশবাড়িয়া-সন্দ্বীপের গুপ্তছড়া নৌপথে ফেরি চলাচল উদ্বোধন করা হয়েছে। উত্তাল সাগর পাড়ি দিয়ে বছরের পর বছর ধরে ট্রলার ও স্পিডবোটে ঝুঁকিপূর্ণ যাত্রার যে গ্লানি সন্দ্বীপবাসী বয়ে বেড়িয়েছে, আপাতত সেই অধ্যায়ের ইতি ঘটেছে।
সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৮টায় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে এই ফেরি চলাচল উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের ৬ জন উপদেষ্টা। ফেরির পাশাপাশি সোমবার থেকে ঢাকা-সন্দ্বীপ রুটে বিআরটিসির বাস চলাচলও উদ্বোধন করেন উপদেষ্টারা।
ফেরি উদ্বোধনে অংশ নেয়া উপদেষ্টারা হলেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্টগ্রামের উপ-পরিচালক মো. কামরুজ্জামান জানান, ফেরিতে একসঙ্গে ৩৫টি যানবাহন এবং ৬০০ যাত্রী পরিবহন করা যাবে। প্রতিদিন জোয়ার-ভাটার সময় অনুযায়ী চারবার চলাচল করবে ফেরি। এতে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যেতে সময় লাগবে মাত্র এক ঘণ্টা ১০ মিনিট।
জানা যায়,ফেরি সার্ভিস চালুর পাশাপাশি ঢাকা-সন্দ্বীপ রুটে বিআরটিসির বাস সেবাও উদ্বোধন করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের এয়ারপোর্ট-সি বিচ-নিমতলা-বাঁশবাড়িয়া ফেরিঘাট-সন্দ্বীপ এনাম নাহার মোড় রুটে চালু হয়েছে এসি বাস সার্ভিস। এতে সন্দ্বীপের যাত্রীদের রাজধানীসহ দেশের অন্যান্য অঞ্চলে যাতায়াত আরও সহজ হবে।
প্রসঙ্গত,এতোদিন সন্দ্বীপের মানুষকে স্পিডবোট ও ট্রলারে ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিতে হতো। বৈরী আবহাওয়া বা দুর্যোগপূর্ণ সময়ে দ্বীপটি কার্যত বিচ্ছিন্ন হয়ে যেতো। অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য মূল ভূখণ্ডে আনা কঠিন হয়ে পড়ত। এখন ফেরির মাধ্যমে নির্বিঘ্নে ও নিরাপদে যাতায়াত সম্ভব হবে।
