বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

রাউজানে যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ৯:০৫ পূর্বাহ্ণ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ৯:০৫ পূর্বাহ্ণ
রাউজানে যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ হাসান (৪০) নামে এক যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, হাসান আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিল। এতদিন আত্মগোপনে থেকে বাড়িতে যাওয়ার পরেই এ ঘটনা ঘটেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাসান রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আহমেদ হোসেন মেম্বারের বাড়ি মো. বজল আহমেদ ড্রাইভারের ছেলে। তিনি রাউজান উপজেলা যুবলীগের কর্মী এবং সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর অনুসারী বলে পরিচিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই হাসান আত্মগোপনে ছিলেন। এরমধ্যে প্রায় ৬ মাস পর তিনি গতকাল বাড়িতে এসেছিলেন। বিকেল ৪টার দিকে অজ্ঞাত পরিচয়ের বেশ কয়েকজন ঘরে ঢুকে খাটের নিচ থেকে তাকে বের করে নিয়ে যায়। পার্শ্ববর্তী গ্রামের বাজারের পাশে একটি নির্জন স্থানে নিয়ে তাকে ইট ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, ‘হাসান সাবেক সরকারদলীয় একটি সংগঠনের কর্মী ছিলেন। গত ৬ মাসেরও বেশি সময় ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গতকাল বাড়িতে আসলে ঘর থেকে ডেকে নিয়ে বেধড়ক পিটিয়ে তাকে হত্যা করা হয়। আমরা তদন্ত করে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছি।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা প্রাথমিক তদন্তে জেনেছি, হাসানের রাজনৈতিক প্রতিপক্ষ ছিল। হয়তো পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে। তদন্ত শেষে সব বলা যাবে।’

প্রসঙ্গত, গত ৫ আগস্টের পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে রাউজান উপজেলা। বিএনপির বিবাদমান দুই গ্রুপ সেখানে নিয়মিত সংঘাতে জড়াচ্ছে।এরমধ্যে গত ২৪ জানুয়ারি দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়ায় জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এর পর ১৫ ফেব্রুয়ারি পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরাস্থ আদ্যাপীঠ মন্দিরের সামনে এলোপাতাড়ি গুলি করে রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবুকে। বর্তমানে তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares