নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় দিনদুপুরে মো. জাহাঙ্গীর নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার (২৪ জানুয়ারি) জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার সময় তাকে হত্যা করা হয়। এ ঘটনায় আরও দু’জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
নিহত জাহাঙ্গীর রাউজানের নিরামিশপাড়ার আবু ছৈয়দ মেম্বারের ছেলে। নগরীর চাকতাইয়ে জাহাঙ্গীর ট্রেডার্স নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও নোয়াপাড়ায় মকসুদ কমিউনিটি সেন্টার নামে তাদের একটি পারিবারিক প্রতিষ্ঠান আছে ।
স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত জাহাঙ্গীর আলম গতরাতে মালয়েশিয়া থেকে দেশে এসেছেন।আজ তিনি জুমার নামাজ পড়তে মোটরসাইকেলে করে চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়িতে যান। তিনি স্থানীয় আসদ আলী মাতব্বর বাড়ির জামে মসজিদের সামনে গেলে কয়েক দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। প্রথমে লাঠি দিয়ে আঘাত করে জাহাঙ্গীরকে মাটিতে ফেলে দেয় তারা। পরে গুলি করে। এসময় জাহাঙ্গীরকে রক্ষা করতে মুসল্লিরা এগিয়ে এলে কয়েকজন হামলার মুখে পড়ে।
জানা যায়, মারাত্মক আহত জাহাঙ্গীরকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।এই ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম সফিকুল আলম চৌধুরী বলেন,নোয়াপাড়ায় গুলিতে এক ব্যক্তি মারা গেছেন। কী কারণে এই হত্যাকাণ্ড সেটা বের করার চেষ্টা চলছে। পুলিশের একটা টিম ঘটনাস্থলে গেছে।
