বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

লোহাগাড়ায় সাংবাদিক ও শিক্ষার্থীর উপর আ. লীগ নেতার নেতৃত্বে হামলা

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪ | ৯:১৮ অপরাহ্ণ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ | ৯:১৮ অপরাহ্ণ
লোহাগাড়ায় সাংবাদিক ও শিক্ষার্থীর উপর আ. লীগ নেতার নেতৃত্বে হামলা

নিজস্ব প্রতিবেদক 

বিচারপ্রার্থীকে মারধরের প্রতিবাদ করায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সাংবাদিক ও একজন শিক্ষার্থীর উপর আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যের নেতৃত্বে হামলা হয়েছে।

আজ বৃহষ্পতিবার দুপুরে উপজেলার কলাউজান ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহতরা হলেন চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণের সহ-সম্পাদক ওমর ফারুক মাসুম (২৮) ও আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. শহিদ (২৫)। এরমধ্যে শহিদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

হামলার শিকার সাংবাদিক ওমর ফারুক মাসুম বলেন, কলাউজান ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান হাবিব বিচার প্রার্থী সাত্তার নামের এক লোককে মারধর করে। সেখানে সম্ভবত বিচারপ্রার্থী দুই-পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনার বিষয়ে আমি অবগত ছিলাম না। আমরা দুইটা মোটরসাইকেল করে ৪ জন লোহাগাড়া উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলাম। পথে ইউনিয়ন পরিষদের পাশে মসজিদে যোহরের নামাজ আদায় করি। নামাজ শেষে বের হওয়ার সময় ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা হাবিবের নেতৃত্বে বেশ কয়েকজন সন্ত্রাসী আমাদের উপর হামলা করে।

তিনি বলেন, আমি কোনো অপরাধ করিনি, যার কারণে আমি ঠাই দাঁড়িয়ে ছিলাম। যাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, তারা পালিয়ে গেছে। আমি আর শহিদ দাঁড়িয়ে ছিলাম, তারা আমাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে।

এদিকে হামলায় নেতৃত্ব দেয়া ইউপি সদস্য হাবিবের কাছে ঘটনার বিস্তারিত জানতে চাইলে তিনি তখন থানায় অবস্থান করছেন বলে জানান।আর ওই বিষয়ে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে স্থানীয় বিচার নিয়ে দু’পক্ষের কথা কাটাকাটির জেরে হামলা করা হয়েছে। সেখানে সাংবাদিক মাসরমসহ কয়েকজন আহত হয়েছে। তবে থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।

এদিকে এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামস্থ সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরামের সভাপতি এস এম রানা ও সেক্রেটারি ওমর ফারুক, লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী ও সেক্রেটারি শাহজাদা মিনহাজ। তারা অবিলম্বে তদন্ত পূর্বক দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares