নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরের হাজেরা তজু ডিগ্রি কলেজের ৮ শিক্ষককে বরখাস্তের প্রতিবাদে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী এই শিক্ষকদেরকে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমানের ইন্ধনে বহিষ্কার করা করা হয়েছে
রবিবার (১ ডিসেম্বর) দুপুরে পুরান চান্দগাঁও থানার কলেজের সামনে এই কর্মসূচি পালন করে তারা।
শিক্ষার্থীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র ও শিক্ষকদের হয়রানি এবং ৮ জন শিক্ষককে অন্যায়ভাবে বরখাস্তের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাদের অভিযোগ, ছাত্রদের হয়রানি- হত্যার হুমকি এবং বিভিন্ন শিক্ষকদের বাসায় গিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। তাছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ৮ জন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।
এসবের পেছনে ইন্ধনদাতা হিসেবে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমানকে দুষছেন তারা। তারা জানান, ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে এডহক কমিটির সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইনকে দিয়ে এসব করিয়ে কলেজে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করাচ্ছেন মুজিবুর রহমান।
শিক্ষার্থীদের দাবি দ্রুত বিশৃঙ্খলা পরিস্থিতির অবসান করা এবং যে ৮জন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে তাদের পুনর্বহাল করা হোক। এ সময় কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনারও দাবি জানান তারা।এর আগে ২৪ নভেম্বর হাজেরা তজু ডিগ্রি কলেজের আটজন শিক্ষককে বিভিন্ন অভিযোগে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়।
বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন— পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক কাজী মঈনুল ইসলাম, উচ্চতর গণিত বিভাগের প্রভাষক মোহাম্মদ ছাবের উদ্দীন, গণিত বিভাগের প্রভাষক মো. আবদুল্লাহ, ইংরেজি বিভাগের প্রভাষক এ কে এম নাজমুল হাসান, পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক সৈয়দ মোহাম্মদ সাখাওয়াত হোসেন, অর্থনীতি বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল হাসান, রসায়ন বিভাগের প্রভাষক নুরুল আবছার ও বাংলা বিভাগের প্রভাষক মো. জমশেদ উদ্দিন চৌধুরী।
