সাম্পান ডেস্ক
চট্টগ্রামের বাকলিয়ার সৈয়দ শাহ রোড সংলগ্ন এক্সেস রোডের মাথায় বিএনপির দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের শুরু থেকেই দু’পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছে। বর্তমানে পুলিশ সেখানে অবস্থান করলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। এখনও সংঘর্ষ চলছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যার পর থেকেই ওই এলাকায় কয়েকদফায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সবশেষ, রাত পৌনে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষের ঘটনা চলছে।
পুলিশ সুত্রে জানা যায়, জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় বিএনপির দুইপক্ষের মধ্যে সংঘর্ষের এ ঘটনা চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত আছেন। তবে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর হঠাৎ করেই দোকানপাট বন্ধ করতে থাকেন ব্যবসায়ীরা। এরপর হঠাৎ করেই এক্সেস রোড এলাকায় দেশীয় অস্ত্র এবং গুলি হাতে জড়ো হতে থাকে শতাধিক যুবক-ব্যক্তি।
এরপর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে তাদের মধ্যে। এসময় এক পক্ষ আরেকপক্ষের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং ধাওয়া দেয়। এসময় উভয়পক্ষই ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’ বলে স্লোগান দিচ্ছিলেন।
এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি নবাব সিরাজুদ্দৌলা সড়ক দিয়ে এক্সেস রোডে প্রবেশ করার পরপরই হঠাৎ দুই দিক থেকে দুই দল এসে মারামারি করতে থাকে। ওই সময় তাদের একটি পক্ষ গুলি ছুঁড়ে। মানুষজন সবাই আতঙ্কে যে যার মত সরে পড়ে। আমিও আতঙ্কে ঘটনাস্থল ত্যাগ করি।
তিনি আরও বলেন, ‘ঘটনার সময় আশপাশের এলাকার বিদ্যুৎ সংযোগ ছিল না। পুরো সড়কই অন্ধকার ছিল। একটি পুলিশের গাড়িও চোখে পড়েছে।’
গোলাগুলির বিষয় অস্বীকার করে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘ওই এলাকায় স্থানীয় বিএনপি’র দুপুরের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে সংঘর্ষের সময় গোলাগুলির ঘটনা ঘটেনি। দুই পক্ষই একে অপরকেই ইট-পাটকেল নিক্ষেপ করেছে।’
তিনি বলেন, ’পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অবস্থান করছে। এখন মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে।’
