সাম্পান ডেস্ক
স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তাকাওয়া মডেল মাদ্রাসার মেহেদীবাগ শাখার উদ্যোগে হিফজ বিভাগের ২০২৪ সালের ২য় পর্ব হিফজ সমাপনী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার ১০ (নভেম্বর) চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ শাখার নিজস্ব কার্যালয়ে তাকওয়া মাদ্রাসায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

মাদ্রাসার পরিচালক আমান উল্লাহ আমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাকওয়া এসোসিয়েটস এর সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ মোরশেদুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাকওয়া এসোসিয়েটসের চেয়ারম্যান ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় শরীয়াহ ফ্যাকাল্টি সাবেক ডিন প্রফেসর ড. হাফেজ মাওলানা মোহাম্মদ শাফী উদ্দীন মাদানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু হেনা মোস্তফা, অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী, মারচুছ হজ্ব কাফেলার চেয়ারম্যান মোরশেদুল আলম।এতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. শাফী মাদানী বলেন, মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে কুরআন একটি বড় নিয়ামত ও আল্লাহ প্রদত্ত সংবিধান। এই অনুযায়ী জীবন পরিচালনা করলে দুনিয়ায় ও আখেরাতে সফল।

তিনি বলেন, একজন অভিভাবক হিসেবে হাফেজুল কুরআন সন্তানের পিতা-মাতা হতে পারার চেয়ে ভালো অর্জন পৃথিবীতে আর কি হতে পারে। তিনি কুরআন সংকলনের ইতিহাস, কুরআন ও সুন্নাহর আলোকে কুরআন শিক্ষার গুরুত্ব ও মহত্ত্ব এবং পিতা-মাতার জন্য আল্লাহর পক্ষ থেকে কি পুরস্কার রয়েছে তা বিস্তারিত তুলে ধরেন এবং কুরআন শিক্ষার জন্য প্রতিযোগিতা করার জন্য উৎসাহ প্রদান করেন।

তিনি আরো বলেন, কুরআন এমন একটি কিতাব যার শিক্ষাকে কখনো বিলুপ্ত করা যাবেনা।এটা মৃত্যুর পূর্ব পর্যন্ত হাফেজরা তাদের বক্ষে ধারণ করবে।একমাত্র দ্বীনি শিক্ষার মাধ্যমেই একটি শিশুকে নৈতিক মানে উন্নতি করা সম্ভব।তিনি হিফ্জ শিক্ষার্থীদেরকে মোবাইল এবং স্যাটেলাইট চ্যানেল থেকে দূরে রাখার জন্য অভিভাবকদের পরামর্শ দেন।

অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে মাহমুদুল হাসান, হাফেজ মিজানুর রহমান,হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, হাফেজ নাজিম উদ্দিন, হাফেজ আনোয়ার হোসেন ও হাফেজা সুমাইয়া ইসলাম উপস্থিত ছিলেন।
