নিজস্ব প্রতিবেদক 
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) ট্রাস্টের চেয়ারম্যান, সৌদি আরবের ইসলামিক কাউন্সিল ফর দাওয়াহ অ্যান্ড রিলিফের সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. আবদুল্লাহ আবদুল আজিজ আল-মুসলিহ বলেছেন,আমরা এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এমন একটি প্রজন্ম উপহার দিতে চাই যারা বাংলাদেশের গর্ব হবে। যারা ইসলামী মূল্যবোধের মাধ্যমে জাতি ও দেশকে আলোকিত করবে।
রোববার (২০ অক্টোবর) সকালে চট্টগ্রামের সীতাকুন্ডের আইআইইউসি’র সেন্ট্রাল অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সম্মেলনে বিশ্ববরেণ্য শিক্ষাবিদ ও ইসলামী পন্ডিতরা অংশগ্রহণ করেন।
প্রফেসর ড. আব্দুল্লাহ আব্দুল আজিজ আল-মুসলিহ্ বলেন, এই বিশ্ববিদ্যালয়ে আমরা এমন একটি শরীয়াহ অনুষদ গড়ে তুলতে চাই যা সার বিশে দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বিশ্বমানের আরবী ভাষা শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে একটি স্বতন্ত্র ভবন করার ঘোষণা দেন। একইসাথে তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য ‘আরাক চেয়ার’ প্রতিষ্ঠা করা হবে বলে উল্লেখ করেন।
আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম বলেন, আমাদের অনেকদিনের লালিত স্বপ্নের ফসল হলো আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। ১৯৯৫ সালে৩টি বিভাগ নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রতিষ্ঠিত হয়। মহান আল্লাহর অসীম দয়ায় এটি এখন দেশের প্রথম সারির বৃহত্তম বেসরকারি বিশ্ববিদ্যালয়।
তিনি বলেন, এই সম্মেলন আমাদের দেশ ও বিদেশের প্রতিষ্ঠাতা সদস্য, বিশ্ববরেণ্য পন্ডিত ও উদ্যোক্তাদের দৃঢ়প্রতিজ্ঞ ত্যাগ ও ভিশনারী অবদানের সম্মিলন। তাদের অবদান এই বিশ্ববিদ্যালয়ের মজবুত ভিত্তি অব্যাহত রাখতে সঠিক পথ দেখিয়েছে।
অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন স্বনামধন্য ইসলামী পন্ডিত প্রফেসর ড. ইউসুফ নাসের আবদুল্লাহ আল দুরাইহিম, কুয়েতের ইসলামিক চ্যারিটেবল অর্গানাইজেশনের ডেপুটি ডাইরেক্টর আবদুল রহমান আবদুল আজিজ আল মোতাওয়া, সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স ডেপুটি মিনিস্টার আহমেদ আবদুল্লাহ সুরুর আল সাব্বান, ইন্দোনেশিয়ার সংসদ সদস্য এরউইন আকসা, মিশরের সাবেক তথ্যমন্ত্রী, ইসলামিক ইউনিভার্সিটিজ লীগের সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. সামী মোহাম্মদ রাবী আস শরীফ, আলজেরিয়া’র ডেপুটি স্পিকার ইউসুফ আজিসা, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্সিয়াল মন্ত্রণালয়ের বিচার ও ধর্ম বিষয়ক উপদেষ্টা আল সাইয়েদ আলী আল সাইয়েদ আবদুল রহমান আল হাশিম, আইআইইউসি’র ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এবং বিওটি সদস্য প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ। অনুষ্ঠানে আমন্ত্রিত বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, কূটনীতিক, স্বনামধন্য স্কলার, গবেষক, উন্নয়ন ও দাতা সংস্থার প্রধান, দেশের সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ যোগদান করেন।
সম্মেলনে আইআইইউসিটি’র জেনারেল কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল্লাহ আবদুল আজিজ আল-মুসলিহ, সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম আজহারুল ইসলাম, প্রফেসর কে এম গোলাম মহিউদ্দীন এবং সাবেক রেজিস্ট্রার স্কোয়াড্রন লীডার (অবঃ) মুহাম্মদ নূরুল ইসলামকে ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয়।
এদিকে সন্ধ্যায় নগরীর একটি হোটেলে এই সম্মেলনের বিজনেস সেশন অনুষ্ঠিত হয়। এতে একাডেমিক রিপোর্ট উপস্থাপন করেন আইআইইউসি’র ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। ফিন্যান্সিয়াল রিপোর্ট পেশ করেন ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহ এবং উন্নয়ন প্রতিবেদন পাঠ করেন প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ।
