প্রকাশ: ৩ অক্টোবর ২০২৪ | ৯:০২ অপরাহ্ণ আপডেট: ৩ অক্টোবর ২০২৪ | ৯:০৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
বাইরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে এনে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না করার দাবিতে মাঠে নেমেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।একইসাথে শিক্ষার্থীদের এই আন্দোলনে সমর্থন জানিয়ে কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।এসময় তারা বিশ্ববিদ্যালয়ের যোগ্য ও সিনিয়র অধ্যাপকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দেওয়ার দাবি জানান।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে ক্যাম্পাসের শহীদ মিনার থেকে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা মিছিল বের করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।পরে দুপুর ২ টার দিকে তারা প্রথম দিনের মতো আন্দোলন শেষ করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত ১৯ সেপ্টেম্বর বিভাগীয় কমিশনারের মাধ্যমে তারা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন। সেখানে তারা নিজেদের বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগ দেন।
তবে এরইমধ্যে বহিরাগত এক শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পাঁয়তারা চলছে। শিক্ষার্থীরা কখনোই তা হতে দিবে না।
শিক্ষার্থী জসিম উদ্দিন বলেন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। এখানে প্রাণীদের চিকিৎসা থেকে শুরু করে প্রাণী চিকিৎসক, খাদ্যবিজ্ঞানী তৈরির কাজ করা হয়। চট্টগ্রাম অঞ্চলের প্রান্তিক কৃষকদের উন্নয়নে এই বিশ্ববিদ্যালয় ভূমিকা রাখছে। বিশ্ববিদ্যালয়ে এর আগে একবার বাহিরের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছিল, যার আমলে সামগ্রিক কোনও উন্নয়ন হয়নি। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, ছাত্র-ছাত্রীদের অধিকার এবং অত্র অঞ্চলের কৃষকদের সার্বিক বিষয় বুঝতে একজন জ্যেষ্ঠ শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমাদের এখানে অনেক যোগ্য শিক্ষক আছেন।প্রশাসনিক দক্ষতার পাশাপাশি তাদের আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা আছে।শিক্ষার্থীদের কাছেও তারা গ্রহণযোগ্য। আমরাও চাই এমন কাউকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হোক।বহিরাগত, পতিত স্বৈরাচারে কোন দোসরকে আমরা মানি না।
