বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রাম কলেজে শিবিরের বিরুদ্ধে ছাত্রদল নেতাকর্মীদেরকে মারধরের অভিযোগ

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ১১:৩৩ অপরাহ্ণ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ১১:৩৩ অপরাহ্ণ

সাম্পান ডেস্ক 

চট্টগ্রাম কলেজে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে ছাত্রদল নেতাকর্মীরা। তবে ছাত্র শিবিরের পক্ষ থেকে হামলায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ছাত্রদলের এক কর্মীকে মারধরের সূত্র ধরে হামলার এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের। এতে আহত হয়ে পাঁচজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তবে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক ও চকবাজার থানার ওসি জাহিদুল কবীর এ বিষয়ে কিছু জানাতে পারেন নি।

চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাফরাশ নুরী সিজ্জি  বলেন, ‌‘আজ দুপুর ১২টার দিকে চট্টগ্রাম কলেজে গিয়েছিলেন সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছাত্রদল কর্মী আশরাফ উদ্দিন। এ সময় ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা তাকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেন। পরে বেলা তিনটায় মারধরের বিষয়ে লিখিত অভিযোগ নিয়ে ছাত্রদলের ১০ নেতা-কর্মী কলেজের অধ্যক্ষের কাছে যান। অভিযোগ দিয়ে বের হওয়ার সময় ইসলামী ছাত্রশিবির নেতা-কর্মীরা গিয়ে হামলা চালান।’

তবে হামলাকারীদের কারও পরিচয় জানাতে পারেন নি এই ছাত্রদল নেতা। তিনি বলেন, ‘ক্যাম্পাসে তো ওরাই থাকে। যারা হামলা করেছিলো তাদের মধ্যে কয়েকজন দাঁড়ি টুপি ওয়ালা ছিলো।’

এদিকে ছাত্রদলের এ অভিযোগ অস্বীকার করেছে ছাত্র শিবির নেতারা। সংগঠনটির চট্টগ্রাম নগর (উত্তর) কমিটির সাধারণ সম্পাদক তানজীর হোসেন বলেন, ‘বহিরাগত কিছু ব্যক্তি কলেজের বাইরে ঝামেলা করেছিল বলে খবর পেয়েছি। হামলার সঙ্গে শিবিরের কোনো সংশ্লিষ্টতা নেই।’

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares