বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

কোটা আন্দোলনে ছাত্র ছাত্রীদের পক্ষে সরব ছিলেন চবি’র যেসন শিক্ষক

প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৪ | ৯:৫৫ পূর্বাহ্ণ আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৪ | ৯:৫৫ পূর্বাহ্ণ
কোটা আন্দোলনে ছাত্র ছাত্রীদের পক্ষে সরব ছিলেন চবি’র যেসন শিক্ষক

নিজস্ব প্রতিবেদক 

 

ছাত্র আন্দোলনের উত্তাল দিনগুলোতে তাঁদের কেউ ছিলেন সরাসরি মাঠে, ছাত্র-জনতার সঙ্গে। অনেকে আবার সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থেকে জনমত গড়েছেন আন্দোলনের পক্ষে। কেউ কেউ তো ওই সময় আটক হওয়া শিক্ষার্থীদের ছাড়িয়ে আনতেও নিয়েছিলেন সোচ্ছার ভূমিকা। শিক্ষার্থীদের পাশে থাকতে গিয়ে তাঁদের অনেকেই পড়েছিলেন চাকরি হারানোর শঙ্কায়, কারও কারও বাসায় তো বোমা হামলার ঘটনাও ঘটেছে। তবুও সন্তানসম শিক্ষার্থীদের কাঁধ থেকে সরেনি তাঁদের সমর্থনের হাত।চট্টগ্রামে ছাত্র-জনতার পাশে দাঁড়ানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এমন আট ছাত্রবান্ধব আর মানবিক শিক্ষকের নাম এখনো সবার মুখে মুখে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, কোটা সংস্কার এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত ১ জুলাই বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করে। সমাবেশ থেকে চার দফা দাবি পেশ করেন তারা। এটি ছিল চট্টগ্রামে শিক্ষার্থীদের প্রথম কর্মসূচি। এই কর্মসূচি চলাকালীন শিক্ষার্থীদের সামনে গিয়ে ছাত্রলীগ হুমকি দেয়। বিশ্ববিদ্যালয় প্রক্টর ও উপাচার্যকে এ ঘটনায় অভিযোগ জানানো হলেও তারা কোনো সহযোগিতা করেননি। বরং শিক্ষার্থীদের আন্দোলন না করার ‘পরামর্শ’ দেন প্রক্টর অহিদুল আলম।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুরক্ষায় এগিয়ে আসেন কিছু জ্যেষ্ঠ শিক্ষক। তারা গঠন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিপীড়নবিরোধী শিক্ষক ঐক্য নামে একটি প্লাটফর্ম। প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিপীড়নবিরোধী শিক্ষক ঐক্যের প্রধান সমন্বয়ক হন অধ্যাপক ক্যাটাগরিতে নির্বাচিত বর্তমান সিন্ডিকেট সদস্য ও ফাইন্যান্স বিভাগের অধ্যাপক শামীম উদ্দিন খান। তার সাথে এই প্লাটফর্মে যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আতিয়ার রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান ও সাবেক সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. কামাল উদ্দিন, অর্থনীতি বিভাগের প্রফেসর ড. সাইফুল ইসলাম, ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ও সাবেক সিন্ডিকেট সদস্য ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহিদুল হক।

১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এই হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিপীড়নবিরোধী শিক্ষক ঐক্যের প্রধান সমন্বয়ক শামীম উদ্দিন খানের নেতৃত্ব এই শিক্ষকেরা শহরে আন্দোলন শুরু করেন, সহযোগিতা করেন শিক্ষার্থীদের আন্দোলনেও। পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার আহবান জানান।

শিক্ষার্থীদের আন্দোলনের তীব্রতার মধ্যে ৩০ জুলাই প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আতিয়ার রহমান ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হকের বাসায় বোমা হামলা চালানো হয়। বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও ছাত্রলীগের সাবেক নেতা শৈবাল ইসলাম মাসুদ, আবু বকর তোহা ও ছাত্রলীগ নেতা আবির ইকবালের নেতৃত্বে রাত আনুমানিক ২টার দিকে এ হামলা চালানো হয়। ১০-১৫টি মোটরসাইকেল যোগে ওই এলাকায় যায় হামলাকারীরা। ওই হামলার পরদিন ক্যাম্পাসে ভীতিকর পরিস্থিতি তৈরি হলেও এই শিক্ষকরা শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে শেখ হাসিনার নির্দেশে গণহত্যার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন।

অধ্যাপক ড. আতিয়ার রহমান আন্দোলন উজ্জীবিত করতে কবিতাও রচনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব কবিতা বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী শেয়ার করেন। ঝুঁকির মুখে পড়েও শিক্ষার্থীদের পাশে থাকায় এই শিক্ষক রয়েছেন আলোচনায়। ড. আতিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষে পিএইচডি করেছেন জাপানের এহেমি বিশ্ববিদ্যালয় থেকে। শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন গবেষণা কাজের সঙ্গে জড়িত আছেন। চবির গবেষকদের মধ্যে প্রথম সারিতে আছে এই অধ্যাপকের অবস্থান।

শিক্ষার্থীর পছন্দের তালিকায় আছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ড. মো. কামাল উদ্দিনও। এই দুইজনই শিক্ষার্থীদের আন্দোলন সক্রিয় ছিলেন। গণহত্যা চলাকালে ইন্টারনেট শাট ডাউনের সময় চট্টগ্রাম প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশে অংশ নিতে দেখা গেছে তাদের।
বিশ্ববিদ্যালয়ে মোটিভেশনাল স্পিকার হিসেবে শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয় শিক্ষক অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের বক্তব্য শিক্ষার্থীদের আন্দোলনমুখী রাখতে অনুপ্রাণিত করে।
আন্দোলন চলাকালে শিক্ষার্থী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহিদুল হক। গণহত্যার প্রতিবাদে তাঁর জ্বালাময়ী বক্তব্য বেশ প্রশংসিত হয়েছে। এছাড়া সমাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত প্রতিবাদ করছেন তিনি। নিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের কাছে তুমুল জনপ্রিয় এই শিক্ষক।

এদিকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর গত ১২ আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন চবি উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের। একই সময়ে পদত্যাগ করেন দুই উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে ও অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী। এরপর থেকেই পরবর্তী উপাচার্য কে হচ্ছেন তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। শিক্ষক শিক্ষার্থীদের সেই আলোচনায় উঠে আসছে কোটা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করা শিক্ষকদের নাম।

কেমন ভিসি দেখতে চান- এমন প্রশ্নের জবাবে ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিশাদ হোসাইন বলেন, গণহত্যা চলাকালে চবি শিক্ষক সমিতি একটা বিবৃতি পর্যন্ত দেয়নি। পরে জেনেছি সমিতির নেতারা আওয়ামী পন্থী। এজন্য শিক্ষার্থীদের বিপক্ষে গিয়ে ফ্যাসিস্টের দালালি করেছেন। এরা যেন প্রশাসনিক কোনো দায়িত্বে না আসেন। আন্দোলন চলাকালে যেসব শিক্ষক ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের মধ্য থেকে উচ্চমানের অ্যাকাডেমিক চর্চা, ন্যায়বিচার এবং জবাবদিহিতার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ এমন কাউকে ভিসি হিসেবে দেখতে চাই।

চট্টগ্রামের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদও চান, শিক্ষার্থীদের পাশে ছিলেন, থাকবেন এমন কেউ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হোন। তিনি বলেন, ‘বিগত ১৫ বছরে বিশ্ববিদ্যালয়কে যথাযথ অ্যাকাডেমিক সংস্কৃতি গড়ে তোলার পরিবর্তে, বিভিন্ন অনিয়ম ও নিয়োগে স্বজনপ্রীতির মাধ্যমে কেবলমাত্র একটি কর্মসংস্থানের স্থানে পরিণত করা হয়েছে। উপাচার্য হিসেবে এমন একজনকে দায়িত্ব দেওয়া হোক, যিনি নিজের স্বার্থে এবং কোনো রাজনৈতিক দলের স্বার্থে নয়, বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য কাজ করবেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares