বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েও পদে বহাল চমেক অধ্যক্ষ, শিক্ষার্থীদের টানা কর্মসূচি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪ | ৮:০৬ অপরাহ্ণ আপডেট: ২৫ আগস্ট ২০২৪ | ৮:০৬ অপরাহ্ণ
বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েও পদে বহাল চমেক অধ্যক্ষ, শিক্ষার্থীদের টানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েও স্বপদে বহাল আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার। চমেকের শিক্ষার্থীরা টানা ৫ম দিন ধরে বিক্ষোভ করেও টনক নড়াতে পারেননি তাঁর।তবে শিক্ষার্থীদের আন্দোলনে বন্ধ ছিল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।

আজ রোববার (২৫ আগষ্ট) সকাল থেকে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন দুই শতাধিক শিক্ষার্থী। এসময় দাবি আদায় না হলে ক্লাস বর্জন ও লাগাতার কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ সাহেনা কাগজে-কলমে চমেক ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলেও হোস্টেল কেন্দ্রিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। হোস্টেলের তত্ত্বাবধায়ক পদে দলীয় কট্টরপন্থী শিক্ষকদের নিয়োগ দিয়েছেন, যারা ছাত্রলীগের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। এমনও প্রমাণ আছে, তত্ত্বাবধায়ক নিজে তার কাছে অভিযোগ নিয়ে যাওয়া শিক্ষার্থীর বিরুদ্ধে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন।

আন্দোলনকারীরা জানান, গত ১৬ জুলাই চমেক ক্যাম্পাসে যারা কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তাদের অভিভাবক-কল ও শোকজ করেছেন অধ্যক্ষ সাহেনা।মিছিলে যাওয়া ১ম বর্ষের শিক্ষার্থীদের তালিকা করে তাদের ডেকে নিয়ে হয়রানি করেছেন। ক্লাস বর্জন করায় শিক্ষার্থীদের বিসিএস কীভাবে পাশ হয় দেখে নেওয়ার হুমকি দেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের নাম পুলিশের নিকট জমা দেওয়ার হুমকি দেন এবং উপস্থিত শিক্ষার্থীদের ছবি তুলে নিয়ে যান।

চমেকের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে পুরো জাতি যখন রাজপথে, তখন উনি খুনিদের উৎসাহ দেওয়ার জন্য চমেকে শান্তি সমাবেশ করেন। এছাড়া ১৬ জুলাই চট্টগ্রাম মেডিকেলে হওয়া আন্দোলনে যুক্ত হওয়া শিক্ষার্থীদের তালিকা করে তাদেরকে শাস্তিপ্রদানের হুমকি এবং বিসিএস না হতে দেওয়ার হুমকি দেন। পাশাপাশি ক্যাম্পাসকে পুলিশের হাতে ন্যস্ত করেন।

নাজমুল হাসান জায়েদ নামে আরেক শিক্ষার্থী বলেন, চমেক অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজ পঞ্চম দিনের মত আন্দোলন চলমান রয়েছে। পঞ্চম দিনের মত আজও সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল।আমাদের এ আন্দোলনে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ সমর্থন দিয়েছেন ও একাত্মতা ঘোষণা করেছেন। কিন্ত এরপরেও অধ্যক্ষ পদত্যাগ এড়াতে তিনদিনের ছুটি নিয়েছেন এবং এখনও দাপ্তরিক কাজে অনুপস্থিত আছেন। তবে আমাদের এক দফা দাবি আদায় হচ্ছে না, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবো।

উল্লেখ্য, ২০২১ সালের ২৩ জানুয়ারি ডা. সাহেনা আক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares