বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

শিক্ষার্থীদের দাবির মুখে শেষ পর্যন্ত পদ ছাড়লেন চবি উপাচার্য

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪ | ৭:৩৭ অপরাহ্ণ আপডেট: ১২ আগস্ট ২০২৪ | ৭:৩৭ অপরাহ্ণ
শিক্ষার্থীদের দাবির মুখে শেষ পর্যন্ত পদ ছাড়লেন চবি উপাচার্য

সাম্পান ডেস্ক 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর আবেদন করেছেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

রোববার ( ১১ আগস্ট) আচার্যের সচিবালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বরাবর তিনি অব্যাহতি পত্র জমা দেন।

অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ।

অব্যাহতি পত্রে অধ্যাপক আবু তাহের উল্লেখ করেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতিতে আমাকে উপাচার্যের দায়িত্ব পালন থেকে অব্যাহতি প্রদান করে আমার মূল বিভাগ (ডিপার্টমেন্ট) চবির ম্যানেজমেন্ট বিভাগে প্রফেসর পদে (গ্রেড-১) যোগদানের অনুমতি প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি।’

বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ও হল থেকে শিক্ষার্থীদের বের করে ছাত্রলীগকে আশ্রয় করে দেওয়ার অভিযোগ তুলে সরকার পতনের পর দিন থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে পড়ে সব হল প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডি পদত্যাগ করলেও উপাচার্য ও উপ উপাচার্য অটল থাকেন স্বপদে। কিন্তু গতকাল রোববার উপাচার্যকে ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবাঞ্চিত ঘোষণা করলে সেদিনই তিনি কর্তৃপক্ষের কাছে অব্যাহতি চান।

উল্লেখ্য, চলতি বছরের ২০ মার্চ সাবেক উপাচার্য শিরিণ আখতারের পর অধ্যাপক আবু তাহের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর পাঁচ মাসের মাথায় ছাত্রদের আন্দোলনের মুখে পদ ছাড়তে হচ্ছে তাকে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares