বান্দরবান প্রতিনিধি :
নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৩৪)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (৫ জুন) রাতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ফাত্রাঝিরি এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকার ফাত্রাঝিরি সীমান্ত দিয়ে মাদকের একটি চালান আসতেছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বিজিবির একটি টহলদল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় অভিযান টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে গেলেও চোরাই পথে মিয়ানমার থেকে আনা এক লাখ পিস বার্মিজ ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকা হবে বলে ধারণা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (বিজিবি-৩৪) -এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বিজিবি নিরাপত্তার পাশাপাশি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে চোরাই পথে পাচার হয়ে আসা ঘুমধুম সীমান্ত এলাকা থেকে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
